প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ। ছবি : সংগৃহীত
গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ। ছবি : সংগৃহীতন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজও কর্মবিরতি পালন করে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে অন্যান্য দিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালানো হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে একদল শ্রমিক মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। পুলিশ দ্রুত সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এদিকে, সার্বিক পরিস্থিতি মাথায় রেখে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকার ৮টি কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার শিল্পাঞ্চলে পরিস্থিতি অন্যদিনের চেয়ে স্বাভাবিক। বিভিন্ন এলাকায় কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। উৎপাদন সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে।
সময়ের আলো/আতা