প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । ছবি : সংগৃহীত
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । ছবি : সংগৃহীতরাজস্ব ফাঁকি, গোপন লেনদেন ও আর্থিক খাতের অনিয়ম নিয়ন্ত্রণে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে প্রতিটি লেনদেন তাৎক্ষণিক পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় ঋণপত্র বা এলসির তথ্য বিনিময়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অর্থমন্ত্রী বলেন, বীমা খাতে প্রিমিয়াম পরিশোধ ছাড়াই কাভার নোট দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও এ ধরনের অনিয়মের নজির রয়েছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি বীমা কোম্পানির শেয়ারহোল্ডাররাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও বীমা কোম্পানির মধ্যে তথ্যপ্রযুক্তিনির্ভর সংযোগ তৈরি করা হচ্ছে।
তিনি জানান, ব্যাক-টু-ব্যাক এলসির পাশাপাশি বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি ও ব্রোকারেজ হাউসকেও এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানে বিদেশি সুইফট নেটওয়ার্কের প্রয়োজন হবে না। আগে প্রতিটি এলসিতে গড়ে ১ হাজার ৫০০ টাকা মেসেজিং খরচ হতো। ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলার বিপরীতে নিট বৈদেশিক মুদ্রা ব্যয় হয়েছিল প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার। নতুন ব্যবস্থায় এই ব্যয় সাশ্রয় হবে।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অগ্রাধিকার। এদিকে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর কাজ চলছে, যা এক থেকে দুই মাসের মধ্যে কার্যকর হতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে