
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। মহেশখালী-মাতারবাড়ী এলাকায় প্রস্তাবিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানিতে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ার পাশাপাশি শিল্প উৎপাদন, জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শনিবার কক্সবাজারে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ‘এলএনজির শেষ মরিয়া চেষ্টা : বাংলাদেশের জন্য মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
প্রতিবেদনে বলা হয়েছে, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আনুমানিক ১৯ বিলিয়ন ডলার এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে এক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি করা মিডি মহাপরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
মার্কেট ফোর্সেসের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের জন্য পূর্বাভাস দেওয়া গড় দাম দীর্ঘমেয়াদে বহাল থাকলে ২০৩০-এর দশকের পর এলএনজি আমদানিতে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে এ ব্যয় বছরে সাত বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। অর্থাৎ জ্বালানির আন্তর্জাতিক বাজারদরের ওপর নির্ভর করে আমদানি ব্যয়ের পরিমাণে বড় ধরনের পরিবর্তন হতে পারে। মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি জ্বালানি আমদানিতেও বিপুল অর্থ ব্যয় করতে হবে বাংলাদেশকে। ২০২৭ সালের দামের পূর্বাভাস ধরে হিসাব করলে বছরে অন্তত ২৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। তার প্রশ্ন, জাপান যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, তা হলে নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করছে না কেন?
মুনিরা চৌধুরীর মতে, নতুন ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও পরিবেশগত দুই ধরনের সংকট তৈরি করছে। একদিকে জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে আমদানি করা গ্যাসের উচ্চমূল্য শিল্প উৎপাদনে চাপ সৃষ্টি করছে। এতে কর্মসংস্থান ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যাহত হয়ে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এলএনজি সরবরাহে বিঘ্ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক শিল্পসহ রফতানিমুখী উৎপাদন খাতের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো পরিবেশগত দায়বদ্ধতার বিষয়ে গুরুত্ব বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে শিল্প-কারখানায় নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চয়ের ব্যবস্থা ও পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।
পরিবেশ ও স্থানীয় জীবিকায় প্রভাব : প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ জানিয়েছে গবেষণা সংস্থাগুলো। মার্কেট ফোর্সেসের পূর্বাভাস অনুযায়ী মিডি পরিকল্পনার আওতায় এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে পারে। এই পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিজনিত নির্গমনের ১০ গুণেরও বেশি। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হওয়ার পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের ঝুঁকিও বাড়তে পারে।
প্রতিবেদনে মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদাহরণ তুলে ধরা হয়েছে। জাপানের সহায়তায় বাস্তবায়িত প্রায় ছয় বিলিয়ন ডলারের এ প্রকল্পের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। গবেষণা প্রতিবেদনের দাবি, কেন্দ্রটি নির্মাণের সময় ২০ হাজারের বেশি লবণচাষি, মৎস্যজীবী ও স্থানীয় উৎপাদক জীবিকা হারিয়েছেন।
মুনিরা চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, মাতারবাড়ীতে এলএনজি ও কয়লাভিত্তিক অবকাঠামোর সম্প্রসারণ স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে সামাজিক সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের ঝুঁকিও বাড়বে।
প্রতিবেদনটির প্রণেতারা মনে করেন, নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামোয় অর্থায়ন না করে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক অর্থায়নকারীদের সহায়তা করা উচিত। তাদের মতে, দেশে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। মার্কেট ফোর্সেসের হিসাব অনুযায়ী বাংলাদেশে সর্বোচ্চ ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
এলএনজি-কয়লা কি এখনই বাদ দেওয়া সম্ভব? : জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। তবে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় একবারে এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়ন এবং ধাপে ধাপে জ্বালানির উৎস পরিবর্তন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে বিশেষ নবায়নযোগ্য জ্বালানি আইন প্রণয়নের কাজ চলছে।
গত ২৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এ অংশ নিয়ে তিনি বলেন, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম সহজ করতে বিশেষ আইনটি প্রণয়ন করা হচ্ছে।
এ খাতে বিনিয়োগ বাড়াতে সরকার নীতিগত সুবিধাও দিয়েছে। এর মধ্যে রয়েছে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ করহার এবং সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে শুল্ক অব্যাহতি। তবে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি সামনে এনেছেন টেকসই জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য উচ্চাভিলাষী হলেও অর্জন করা সম্ভব। তবে এ জন্য জাতীয় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা প্রস্তুত করা বড় চ্যালেঞ্জ। নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সক্ষমতা বাড়াতে হবে।
ড. ইজাজ হোসেনের মতে, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা গেলে মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসবে। এরপর ধীরে ধীরে এ খাতের সক্ষমতা বাড়াতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ করার সুযোগ নেই।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদও নবায়নযোগ্য জ্বালানির জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, কত সময়ের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিকে বিদ্যুৎ উৎপাদনে প্রাধান্য দেওয়া সম্ভব তা নির্দিষ্ট করতে হবে। সরকার এ খাতে কিছু উদ্যোগ নিলেও ধাপে ধাপে এগোনোর জন্য সময়সীমাভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। তবে একটি জ্বালানি উৎস বন্ধ করে দ্রুত অন্যটির ওপর নির্ভরশীল হওয়ার মতো অবস্থায় বাংলাদেশ এখনও পৌঁছায়নি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি