প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০২ এএম

জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় । ছবি : সংগৃহীত দেশের চামড়া শিল্পের বন্ধ ও সংকটে থাকা কারখানাগুলো পুনরায় চালু করতে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে নতুন সংগঠন লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। একই সঙ্গে শিল্পটির বিকাশে পৃথক মন্ত্রণালয় অথবা শক্তিশালী লেদার বোর্ড গঠনসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় চামড়া শিল্পের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উত্তরণের পথ তুলে ধরেন সংগঠনের নেতারা।
এলএফবির সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত সমস্যা সমাধানে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও শুধু এ অবকাঠামো দিয়ে শিল্পের সব সংকট দূর করা সম্ভব নয়। কাঁচামাল ও রাসায়নিক সরবরাহ, আমদানি-রফতানি এবং ব্যবসায়িক কার্যক্রমে উদ্যোক্তাদের কার্যকর সরকারি সহযোগিতা প্রয়োজন।
সংগঠনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ জানান, শিল্পের বিভিন্ন খাত, উদ্যোক্তা, বাণিজ্য সংগঠন ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় তৈরিতে কাজ করবে এলএফবি।
সংগঠনের প্রস্তাবের মধ্যে রয়েছে সাভারের সিইটিপি আধুনিকায়ন, নতুন দুটি সিইটিপি নির্মাণ, এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক, চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল এবং একটি পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
এ ছাড়া দেশজুড়ে ১০ থেকে ১৫টি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। প্রথম বছরে এক হাজার কর্মীকে প্রশিক্ষণ এবং ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে এলএফবির।
সময়ের আলো/প্রিন্ট/এসকে