বিদেশে কমে দেশে বাড়ে

এসএম আলমগীর

বিজনেস

গত ছয় মাস ধরেই বিশ্ববাজারে দাম কমছে ক্রুড সয়াবিন তেলের। বিশ্ববাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ছয় মাসে প্রতি টন ক্রুড

2026-11-29T00:17:13+00:00
2026-11-29T00:17:13+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজনেস
বিদেশে কমে দেশে বাড়ে
এসএম আলমগীর
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:১৭ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
গত ছয় মাস ধরেই বিশ্ববাজারে দাম কমছে ক্রুড সয়াবিন তেলের। বিশ্ববাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ছয় মাসে প্রতি টন ক্রুড সয়াবিনের দাম কমেছে প্রায় ২৩৫ ডলার। অথচ গত ৭ মাসে দেশের বাজারে তিন বার দাম বাড়ানো হলো সয়াবিন তেলের। আরও অবাক করার বিষয় হচ্ছে— বিশ্ববাজারে ধারাবাহিকভাবে দাম কমার মধ্যেই ভোজ্যতেলের মিল মালিকরা সরকারের কাছে লিটারে ১৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় লিটারে ৩ টাকা দাম বাড়ায় সয়াবিন তেলের। বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে যেখানে দাম কমছে সেখানে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো মোটেই সমীচীন হয়নি। 

দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে গত মে মাস থেকে অক্টোবর পর্যন্ত বিশ্ববাজারে সয়াবিনের দাম কমেছে। চলতি নভেম্বরেও দাম কমার প্রবণতা ছিল। যেমন নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতি টনের ক্রুড সয়াবিন তেলের দাম কমে ১ হাজার ৪৩৫ ডলারে ঠেকেছিল। গত ছয় মাস বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও তারা দেশের বাজারে দাম কমায়নি, উল্টো এ সময়ের মধ্যে গত সেপ্টেম্বর মাসেও লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল সয়াবিন তেলের দাম।

বিশ্ববাজারে যখন দাম কমে তখন দেশে কমে না, অথচ বিশ্ববাজারে সামান্য বাড়লে তখন সঙ্গে সঙ্গে দেশে দাম বাড়ানো হয়— এটাকে ব্যবসায়ীদের এক ধরনের কূটকৌশল বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন সময়ের আলোকে বলেন, ‘গত ছয় মাসে যখন দাম কমেছে সয়াবিন তেলের তখন কেন কমানো হলো না দেশের বাজারে। তখন ব্যবসায়ীরা চুপ করে ছিল বরং না কমিয়ে উল্টো আরও দাম বাড়িয়েছে। এখন দাম বাড়িয়ে দেশের ভোজ্য তেল ব্যবসায়ীরা দেশের মানুষকে ঠকিয়েছে। এটা তাদের এক ধরনের হঠকারিতা।’

তিনি আরও বলেন, ‘দেশের ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা প্রতি বছর রোজার মাস শুরু হওয়ার দুই-তিন মাস আগে থেকেই পণ্যমূল্য বাড়ানো শুরু করে। এখন সয়াবিন তেলের দাম বৃদ্ধি রমজান মাসের দাম বৃদ্ধির এক ধরনের রিহার্সেল। রোজার মাস আসার আগে তারা আরও দাম বাড়াতে পারে। এ জন্য তারা দাবি জানালেই সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে দাম বাড়ানোর ব্যবস্থা করা ঠিক হচ্ছে না। ভালো করে যাচাই-বাছাই করে তার পর সিদ্ধান্ত নেওয়া দরকার। বাণিজ্য মন্ত্রণালয় হয়তো দাম বাড়ানোর আগে ট্যারিফ কমিশন থেকে একটি রিপোর্ট নিয়ে থাকে, তারপর দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়। তবে আমি মনে করি ট্যারিফ কমিশন থেকেও সঠিক প্রতিবেদন দেওয়া হয় না বাণিজ্য মন্ত্রণালয়ে।’

লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা : বিশ্ববাজারে ধারাবাহিকভাবে দাম কমার পরও দেশের বাজারে এ দফায় লিটারে ১৮ টাকা দাম বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনে দিয়েছিলেন ব্যবসায়ীরা। তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণা করা হয়। ওই দিন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে ২০৪ টাকা থেকে ২০৭ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়। পাঁচ লিটারের বোতলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা করা হয়। তবে খোলা পাম তেলের দাম ১৬৬ টাকাই রাখা হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের মজুদ, এলসি খোলা, আমদানি আর আন্তর্জাতিক বাজারের একটি প্রতিবেদন তুলে ধরে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের যুক্তি— আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমদানি খরচ বেড়েছে, তাই দেশেও দাম বাড়াতে হয়েছে। 

তবে আন্তর্জাতিক বাজারের আসল তথ্য দেশে দাম বৃদ্ধির এ যুক্তিকে সমর্থন করে না। বিশ্ববাজারে গত ছয় মাসে দাম কমেছে ক্রুড সয়াবিন তেলের। বিশ্ব ব্যাংকের পিংক শিটের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ক্রুড সয়াবিন তেলের দাম গত ছয় মাসে টানা কমেছে। ২০২৬ সালের মে মাসে প্রতি মেট্রিক টন ক্রুড সয়াবিন তেলের দাম ছিল এক হাজার ৭৮১ ডলার। জুন মাসে তা কমে হয় এক হাজার ৭৪০ ডলার। জুলাই মাসে আরও কমে হয় এক হাজার ৬৫৮ ডলার। আগস্ট মাসে দাম দাঁড়ায় এক হাজার ৬৩৯ ডলার। সেপ্টেম্বর মাসে এক হাজার ৬১৫ ডলার। আর অক্টোবর মাসে দাম নেমে আসে এক হাজার ৫৪৬ ডলারে। অর্থাৎ মে থেকে অক্টোবর— এই ছয় মাসে প্রতি টনে দাম কমেছে ২৩৫ ডলার। শতকরা হিসাবে কমেছে ১৩ দশমিক ২ শতাংশ। 

আর নভেম্বর মাসে দাম আরও বেশি কমেছে। গত ৩ নভেম্বর আমেরিকার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবোট) সয়াবিন তেলের দাম ছিল ৬৫ দশমিক শূন্য ৮ সেন্ট প্রতি পাউন্ড, যা টনে এক হাজার ৪৩৫ ডলারের সমান। ১৬ নভেম্বর দাম নেমে আসে ৬২ দশমিক ১৯ সেন্টে, টনে এক হাজার ৩৭১ ডলার। ১৮ নভেম্বর আরও কমে হয় ৫৯ দশমিক ৮৮ সেন্ট, টনে এক হাজার ৩২০ ডলার। সর্বশেষ ২৭ নভেম্বর, শুক্রবার সিবোটে সয়াবিন তেলের দাম ছিল ৫৮ দশমিক ৯৯ সেন্ট প্রতি পাউন্ড। টনে হিসাবে এটা এক হাজার ৩০০ দশমিক ৫১ ডলার। অর্থাৎ নভেম্বর মাসের শুরু থেকে শেষে দাম কমেছে ১৩৫ ডলার, শতকরা হিসাবে ৯ দশমিক ৪ শতাংশ। 

যদি মে মাসের এক হাজার ৭৮১ ডলারের সঙ্গে নভেম্বরের এক হাজার ৩০০ ডলারের তুলনা করা হয়, তা হলে দেখা যাবে ছয় মাসে দাম কমেছে ৪৮১ ডলার। শতকরা হিসাবে কমেছে ২৭ শতাংশের বেশি। টাকার হিসাবে প্রতি টনে কমেছে প্রায় ৫৮ হাজার ৬৮২ টাকা। প্রতি লিটারে কমেছে প্রায় ৫৯ টাকা। বাংলাদেশ মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে ক্রুড সয়াবিন তেল আমদানি করে। সেখানে দাম আরও কম। ব্রাজিলে এখন প্রতি টন ক্রুড সয়াবিন তেলের দাম এক হাজার ১৮০ থেকে এক হাজার ১৮৫ ডলার। আর্জেন্টিনায় এক হাজার ১৮০ থেকে এক হাজার ১৯৫ ডলার। চীনের ডালিয়ান বাজারে দাম এক হাজার ২৬০ থেকে এক হাজার ২৭০ ডলার। শুধু সয়াবিন তেল না, পাম তেলের দামও কমেছে। মালয়েশিয়ায় পাম তেলের দাম এক সপ্তাহে কমেছে ৪ দশমিক ৬ শতাংশ, এক মাসে কমেছে ১৩ শতাংশ। এখন দাম এক হাজার ৩০ ডলার প্রতি টন।

কেন বিশ্ববাজারে দাম কমছে : বিশ্ববাজারে দাম কমার পেছনে তিনটি বড় কারণ আছে। প্রথম কারণ আমেরিকায় এবার রেকর্ড সয়াবিন উৎপাদন হয়েছে। অক্টোবর মাসে আমেরিকায় সয়াবিন ক্র্যাশিং হয়েছে ২৩ কোটি ৪১ লাখ বুশেল, যা ইতিহাসে সর্বোচ্চ। সয়াবিন ভাঙিয়ে তেল বের করার পরিমাণ বেড়ে যাওয়ায় বাজারে তেলের জোগান বেড়ে গেছে। জোগান বাড়লে দাম কমে— এটাই অর্থনীতির নিয়ম।

দ্বিতীয় কারণ অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুড এখন ৯১ ডলার প্রতি ব্যারেল। এক মাসে কমেছে ২২ শতাংশ। ক্রুডের দাম কমলে সয়াবিন তেল দিয়ে বায়োডিজেল বানালে আর লাভজনক থাকে না। ফলে বায়োডিজেলের জন্য সয়াবিন তেলের চাহিদা কমে গেছে।

তৃতীয় কারণ বড় বিনিয়োগকারীরা বাজার থেকে টাকা তুলে নিচ্ছে। গত ১৬ নভেম্বর এক দিনেই বড় ফান্ডগুলো ১২ হাজার কন্ট্রাক্ট সয়াবিন তেল বিক্রি করেছে। যখন বড় বিনিয়োগকারীরা বিক্রি করে, তখন দাম আরও দ্রুত কমে। এই তিন কারণ মিলিয়ে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম এখন ছয় মাসের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে আছে।

বাংলাদেশে দাম বাড়ল কেন : বিশ্ববাজারে দাম কমলে বাংলাদেশে দাম কমার কথা। কিন্তু হয়েছে উল্টোটা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। কিন্তু তথ্য বলছে দাম কমেছে। তা হলে এ অমিল কেন। রিফাইনার্স অ্যাসোসিয়েশনের যুক্তি হলো, তারা আজকের দামে তেল কেনে না। তারা দুই থেকে তিন মাস আগে এলসি খুলে তেল কেনে, যখন দাম বেশি ছিল।

এখন বাজারে যে তেল আসছে, সেটা পুরোনো দামের তেল। তাই এখন দাম কমানো যাবে না। এই যুক্তি আংশিক সত্য। বাংলাদেশে তেল আসতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। তাই এখনকার কম দামের তেল বাজারে আসতে জানুয়ারি মাস লেগে যাবে। কিন্তু প্রশ্ন হলো, দাম বাড়ার সময় কেন এই যুক্তি দেওয়া হয় না? যখন বিশ্ববাজারে দাম বাড়ে, তখন তো বলা হয় না, পুরোনো দামের তেল আছে, এখন দাম বাড়ানো যাবে না। তখন একদিনের মধ্যেই দাম বাড়িয়ে দেওয়া হয়। তা হলে দাম কমার সময় কেন পুরোনো স্টকের কথা বলা হয়?

ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন এ বিষয়ে বলেন, এটা হলো একমুখী সমন্বয়। বিশ্ববাজারে দাম বাড়লে দেশে সঙ্গে সঙ্গে বাড়ে, কমলে এখানে কমে না। কোম্পানিগুলো যখন দাম বাড়াতে চায়, তখন বিশ্ববাজারের দোহাই দেয়। যখন দাম কমে, তখন তারা বলে পুরোনো স্টক, এলসির কথা। এই খেলাটা বছরের পর বছর ধরে চলছে। 

ট্যারিফ কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোম্পানিগুলো তাদের আমদানি খরচের যে হিসাব দেয়, সেটা আমরা যাচাই করে দেখি না। তারা যা বলে, আমরা তাই মেনে নিই। তাদের প্রকৃত মজুদ কত, কত দামে কিনেছে— এ তথ্য জনগণের সামনে আসে না। 

বাজারের আসল চিত্র কী : সরকারি দাম ২০৭ টাকা হলেও বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। কারওয়ান বাজারের একজন দোকানদার বলেন, আমরা ২০৭ টাকার বোতল পাচ্ছি না। কোম্পানি বলছে, নতুন দামের বোতল আসতে দেরি হবে। এখন যে বোতল আছে, সেটা ২১২ টাকায় কিনতে হচ্ছে। তাই আমরা ২১৫ টাকায় বিক্রি করছি।

রাজধানীর মোহাম্মদপুরের এ ক্রেতা বলেন, টিভিতে দেখলাম বিশ্ববাজারে দাম কমেছে। ভাবলাম এবার হয়তো তেলের দাম কমবে। বাজারে এসে দেখি উল্টো ৩ টাকা বেড়েছে। আমি তো বাজারে এসে রীতিমতো ধাক্কাই খেলাম।

মিরপুরের একজন দোকানদার বলেন, আমরা তো সরকারের দামেই বিক্রি করতে চাই। কিন্তু কোম্পানি আমাদের ২০৭ টাকার বোতল ২০৫ টাকায় দেয়। আমরা ২ টাকা লাভে কীভাবে দোকান চালাব। তাই আমরা ২১২ টাকায় বিক্রি করি। সরকার আমাদের ধরে, কোম্পানিকে ধরে না। 

ব্যয় বেড়ে যাচ্ছে পরিবারের : একটা মধ্যবিত্ত পরিবারে মাসে গড়ে পাঁচ লিটার তেল লাগে। আগে খরচ হতো এক হাজার ২০ টাকা। এখন খরচ হবে এক হাজার ৩৫ টাকা। মাসে বাড়তি ১৫ টাকা। শুনতে কম লাগলেও, এর সঙ্গে চাল, ডাল, পেঁয়াজ, মুরগি— সব মিলিয়ে সংসারের খরচ প্রতি মাসে এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা বেড়ে যাচ্ছে। আর নিম্ন আয়ের পরিবার, যারা খোলা তেল কেনে, তাদের জন্য এক লিটারে ৩ টাকা মানে মাসে তিন লিটারে ৯ টাকা বেশি। তাদের কাছে এই ৯ টাকাও অনেক।


পাম তেলের দাম কেন বাড়েনি : এবার পাম তেলের দাম বাড়ানো হয়নি, ১৬৬ টাকাই রাখা হয়েছে। এটা সরকারের একটা ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। কারণ পাম তেল গরিব মানুষ আর হোটেল-রেস্তোরাঁগুলো ব্যবহার করে। কিন্তু বিশ্ববাজারে পাম তেলের দামও তো ১৩ শতাংশ কমেছে। তা হলে পাম তেলের দাম তো কমা উচিত ছিল। ১৬৬ টাকা থেকে কমে ১৫৫ থেকে ১৬০ টাকা হওয়া উচিত ছিল। সেটা না করে দাম একই রাখা হয়েছে। অর্থাৎ পাম তেলেও কোম্পানিগুলো বাড়তি লাভ করছে।

সামনে কি আরও বাড়বে : এখন দাম বাড়ানো হলো, সামনে কি আরও বাড়বে— এই প্রশ্ন ভোক্তাদের। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে রিফাইনার্স অ্যাসোসিয়েশনের একজন নেতা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও দেশে ডলারের দাম অনেকখানি বেড়ে গেছে। মূলত এ কারণেই দেশের বাজারে দাম সমন্বয় করতে হয়েছে। তবে বিশ্ববাজারে যদি বাড়ে তা হলে দেশেও আবার দাম সমন্বয় করার দরকার হতে পারে। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   বিশ্ববাজার  সয়াবিন তেল  বাণিজ্য মন্ত্রণালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: