প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৩০ এএম

ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোরাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর ৮ কিশোরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, তারা খবর পান যে মিছিলটি গোপালপুর গ্রামে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে হবে। তাই পুলিশ সেখানে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা সবাই হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে তারা কয়েক মিনিট মিছিল করে পালিয়ে যান। তখন ১৫ জনকে আটক করা হয়।
তিনি জানান, যেহেতু ওই নেতাকর্মীরা গোপালপুর থেকে হুজরাপুর গিয়েছিলেন, তাই তাদের ধারণা ছিল তারা আবার একই পথে ফিরবেন। এ জন্য তারা রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেন। মিছিল শেষে ওই ১৫ জন দুটি অটোরিকশায় ফিরছিলেন। তখন তাদের আটক করা হয়।
পুলিশের তালিকায় দেখা গেছে, ১৫ জনের মধ্যে আটজনেরই বয়স ১৮ বছরের কম। প্রাপ্তবয়স্ক যে সাতজন আছেন তারা হলেন- ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮), মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, আটকদের গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এরপর রোববার তাদের আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/জোই