
কোনো কারণ ছাড়াই অতিরিক্ত দুশ্চিন্তা করা নিউরোটিক আচরণের লক্ষণ হতে পারে। ছবি : সংগৃহীত
কোনো কারণ ছাড়াই অতিরিক্ত দুশ্চিন্তা করা নিউরোটিক আচরণের লক্ষণ হতে পারে। ছবি : সংগৃহীত জীবনের নানা পরিস্থিতিতে দুশ্চিন্তা, ভয় কিংবা অস্থিরতা অনুভব করা খুবই স্বাভাবিক। কিন্তু কোনো কারণ ছাড়াই অতিরিক্ত দুশ্চিন্তা করা, নেতিবাচক চিন্তায় ডুবে থাকা কিংবা ছোট সমস্যাকেও অনেক বড় করে দেখা যখন অভ্যাসে পরিণত হয়, তখন তা নিউরোটিক আচরণের লক্ষণ হতে পারে। এ ধরনের আচরণ মানুষের ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কখনো এটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের কারণে দেখা দেয়, আবার কখনো মানসিক স্বাস্থ্য সমস্যার সঙ্গেও এর সম্পর্ক থাকে।
নিউরোটিক শব্দটি মূলত অতিরিক্ত ও অযৌক্তিক মানসিক, আবেগীয় কিংবা শারীরিক প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহৃত হতো। ১৭০০-এর দশক থেকেই শব্দটির প্রচলন রয়েছে। এর পেছনে কাজ করে গভীর উদ্বেগ ও মানসিক চাপ সামলানোর অচেতন প্রচেষ্টা।
তবে, ১৯৮০ সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন মানসিক রোগ নির্ণয়ের নির্দেশিকা থেকে ‘নিউরোসিস’ শব্দটি বাদ দেয়। বর্তমানে এটি স্বতন্ত্র কোনো মানসিক রোগ হিসেবে বিবেচিত নয়, বরং এর সঙ্গে সম্পর্কিত অনেক উপসর্গকে উদ্বেগজনিত ব্যাধির অন্তর্ভুক্ত করা হয়।
নিউরোটিক আচরণের প্রধান বৈশিষ্ট্য হলো, কোনো পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো। এমন আচরণ বারবার ঘটতে থাকলে দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠতে পারে।
ধরুন, কর্মক্ষেত্রে একটি বড় প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। কাজটি নিয়ে চিন্তা করা স্বাভাবিক। কিন্তু হাতে পর্যাপ্ত সময় থাকার পরও যদি কেউ বারবার ভাবেন, কোনোভাবেই কাজটি শেষ করতে পারবেন না, তাহলে সেটি অতিরিক্ত উদ্বেগের প্রকাশ হতে পারে।
একইভাবে, ফ্লাইটের দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো স্বাভাবিক সতর্কতা। কিন্তু চার ঘণ্টা আগে পৌঁছেও বারবার ফ্লাইট ছাড়ার সময় নিয়ে উদ্বিগ্ন হওয়া অতিরিক্ত দুশ্চিন্তার লক্ষণ হতে পারে।
আবার আগের কোনো সম্পর্কে প্রতারণার শিকার হলে নতুন সম্পর্ক নিয়ে সতর্ক থাকা স্বাভাবিক। কিন্তু নতুন সঙ্গীকে বারবার সন্দেহ করা, প্রতারণার অভিযোগ তোলা কিংবা নিজের আচরণের কারণে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় ভোগাও নিউরোটিক আচরণের উদাহরণ হতে পারে।
অর্থাৎ, পরিস্থিতির তুলনায় উদ্বেগ ও প্রতিক্রিয়া যখন অনেক বেশি হয়ে যায় এবং তা স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
নিউরোটিক আচরণ সব সময় মানসিক অসুস্থতার কারণে হয় না। কখনো এটি ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য হিসেবেও দেখা যায়। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘নিউরোটিকিসম’।
এটি ব্যক্তিত্বের ৫টি প্রধান বৈশিষ্ট্যের একটি। অন্য চারটি হলো এক্সট্রোভার্সন, অ্যাগ্রিয়েবলনেস, কনশিয়েনশাসনেস এবং ওপেননেস টু এক্সপেরিয়েন্স।
যাদের মধ্যে নিউরোটিকিসম বেশি, তারা সাধারণত মানসিক চাপ সামলাতে তুলনামূলক বেশি সমস্যায় পড়েন। ছোটখাটো ঘটনাকেও অনেক বড় করে দেখেন। কোনো ভুল বা ব্যর্থতার আশঙ্কা তাদের মধ্যে দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি করতে পারে। এ কারণে বিরক্তি, রাগ, বিষণ্নতা, অপরাধবোধ, অসহায়ত্ব ও আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে।
এ ছাড়া, নিউরোটিক প্রবণতার সঙ্গে কিছু মানসিক স্বাস্থ্য সমস্যার সম্পর্ক রয়েছে। এর মধ্যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিষণ্নতা, অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার, সামাজিক ভীতি, পোস্টট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং প্যানিক ডিসঅর্ডার উল্লেখযোগ্য।
তবে, নিউরোটিক আচরণ ও সাইকোসিস এক বিষয় নয়। নিউরোটিক আচরণের ক্ষেত্রে মানুষ সাধারণত বাস্তবতা সম্পর্কে সচেতন থাকেন। কিন্তু সাইকোসিসে ভ্রান্ত বিশ্বাস বা অলীক প্রত্যক্ষণের মতো উপসর্গ দেখা দিতে পারে। অর্থাৎ, অতিরিক্ত নেতিবাচক চিন্তা বা উদ্বেগ থাকলেই কাউকে সাইকোটিক বলা যায় না।
গবেষকদের ধারণা, নিউরোটিক ব্যক্তিত্বের সঙ্গে জিনগত সম্পর্কও থাকতে পারে। এ বিষয়ে আরও গবেষণা উদ্বেগ ও বিষণ্নতার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
নিউরোটিক আচরণের ক্ষতিকর ও ইতিবাচক দিক
অতিরিক্ত নিউরোটিক প্রবণতা দীর্ঘদিন থাকলে তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা সমস্যা তৈরি করতে পারে। এ ধরনের মানুষের মধ্যে ধূমপান, অ্যালকোহল ও অন্যান্য মাদকের অপব্যবহার, খাদ্যাভ্যাসজনিত সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা এবং বিবাহবিচ্ছেদের ঝুঁকি বেশি থাকতে পারে।
তবে, নিউরোটিক প্রবণতার সব দিকই নেতিবাচক নয়। এর পরিমিত মাত্রা কখনো ইতিবাচক কাজেও ভূমিকা রাখতে পারে।
যেমন, কর্মক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উদ্বেগ কাউকে আরও মনোযোগী ও দায়িত্বশীল করে তুলতে পারে। একইভাবে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতনতা সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ জোগাতে পারে।
যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন নিউরোটিক আচরণ
নিউরোটিক আচরণ নিয়ন্ত্রণে প্রথমেই নিজের উদ্বেগের কারণগুলো বুঝতে হবে। প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তন এনে মানসিক চাপ কমানো সম্ভব।
নিয়মিত ব্যায়াম এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করা ভালো। তবে, সময় না থাকলে ১৫ মিনিট হাঁটলেও উপকার পাওয়া যেতে পারে। পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজের উদ্বেগের বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত। কাছের মানুষের সহযোগিতা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।
পর্যাপ্ত ঘুমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের অভাব উদ্বেগ ও মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ কমানো এবং নিয়মিত সুষম খাবার খাওয়ার দিকে নজর দেওয়া প্রয়োজন।
নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণের জন্য নিজের ভাবনাগুলোও যাচাই করতে পারেন। যে বিষয়টি নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, সেটি বাস্তবে কতটা গুরুতর, তা ভেবে দেখা দরকার। প্রয়োজনে উদ্বেগের কারণগুলো লিখে রাখতে পারেন। এতে কোন পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়ে, তা বুঝতে এবং পরবর্তী সময়ে আরও ভালোভাবে পরিস্থিতি সামলাতে সুবিধা হবে।
তবে এসব চেষ্টা করার পরও যদি উদ্বেগ না কমে কিংবা ব্যক্তিগত জীবন, কাজ ও সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ, অতিরিক্ত উদ্বেগ কখনো কখনো মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। সঠিক সময়ে সহায়তা নিলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।
সূত্র : ওয়েবএমডি
সময়ের আলো/মহু