এআইয়ের যুগে সন্তানদের ভবিষ্যতের জন্য যেসব শিক্ষা জরুরি

সময়ের আলো ডেস্ক

ফিচার

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে বদলে যাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা ও ভবিষ্যতের কর্মবাজার। আগামী এক দশকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রায়

2026-11-29T11:31:55+00:00
2026-11-29T11:33:44+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ফিচার
এআইয়ের যুগে সন্তানদের ভবিষ্যতের জন্য যেসব শিক্ষা জরুরি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩১ এএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১১:৩৩ এএম
সন্তানদের কোন ধরনের শিক্ষা দেওয়া উচিত, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অভিভাবকদের। ছবি : সংগৃহীত
সন্তানদের কোন ধরনের শিক্ষা দেওয়া উচিত, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অভিভাবকদের। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে বদলে যাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা ও ভবিষ্যতের কর্মবাজার। আগামী এক দশকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্ষেত্রেই এআই মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে সন্তানদের কোন ধরনের শিক্ষা দেওয়া উচিত, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অভিভাবকদের।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের গ্রেশাম কলেজের ব্যবসায় বিভাগের অধ্যাপক ড্যানিয়েল সাসকিন্ড তার নতুন বই ‘হোয়াট শুড মাই চিল্ড্রেন ডু? অ্যা হিউম্যান’স গাইড টু দ্য এজ অব এআই’-তে এআইনির্ভর ভবিষ্যতে শিশুদের প্রস্তুত করার বিষয়টি তুলে ধরেছেন। তার পরামর্শ, ভবিষ্যতে কোন পেশা বা দক্ষতার চাহিদা থাকবে, তা অনুমান করার চেয়ে শিশুদের এমন ভিত্তি তৈরি করে দেওয়া জরুরি, যা যেকোনো পরিবর্তিত পরিস্থিতিতে কাজে আসবে।

শিশুদের পড়া, লেখা, গণিত এবং যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সাসকিন্ড। তার মতে, এসব মৌলিক দক্ষতা অর্জন করতে পারলে পরবর্তী সময়ে নতুন বিষয় শেখা এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো সহজ হবে।


এ ক্ষেত্রে ইংল্যান্ডের স্কুলে কোডিং শিক্ষা চালুর উদাহরণ দিয়েছেন তিনি। ২০১৩ সালে দেশটির স্কুলগুলোতে কোডিং শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন ভবিষ্যতের চাকরির বাজারে এই দক্ষতার প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়। কিন্তু ২০২৩ সালে চ্যাটজিপিটি আসার পর এআইয়ের মাধ্যমে কোড লেখার সক্ষমতা সামনে আসে। এতে বোঝা যায়, ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত কোনো বিশেষ দক্ষতার চাহিদাও দ্রুত বদলে যেতে পারে।

এ ছাড়া, এআইয়ের দেওয়া তথ্য সব সময় নির্ভুল হয় না। কখনো ভুল তথ্য দেয়, আবার কখনো মনগড়া উত্তর তৈরি করে। তাই প্রযুক্তির দেওয়া তথ্য যাচাই করা, ভুল শনাক্ত করা এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিশুদের মধ্যে গড়ে তোলা প্রয়োজন।

শুধু এআই ব্যবহার করতে শেখালেই হবে না, প্রয়োজনে এটি ছাড়া কাজ করার অভ্যাসও তৈরি করতে হবে। সাসকিন্ড এ ক্ষেত্রে ক্যালকুলেটরের উদাহরণ টেনেছেন। ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন জটিল হিসাব করতে শেখে, তেমনি সাধারণ অঙ্ক নিজে করার দক্ষতাও ধরে রাখে।

এআই শিক্ষার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত। গণিত, ইংরেজি, ইতিহাস, সংগীত ও শিল্পকলার মতো বিষয়ে এআই ব্যবহারের কৌশল শেখানোর পাশাপাশি প্রযুক্তির সহায়তা ছাড়াই শেখার সুযোগ রাখতে হবে। বিশেষ করে কখন এআই ব্যবহার করা প্রয়োজন এবং কখন এটি থেকে দূরে থাকা উচিত, সেই বোধ তৈরি করা জরুরি। কারণ, প্রযুক্তি অনেক সময় মানুষের মনোযোগ ও চিন্তার স্বাধীনতাকে প্রভাবিত করতে পারে।


এআইয়ের প্রভাব মোকাবিলায় শুধু শিশুদের প্রস্তুত করলেই চলবে না, অভিভাবক ও কর্মজীবী মানুষকেও নতুন দক্ষতা অর্জনে আগ্রহী হতে হবে। সাসকিন্ডের মতে, ভবিষ্যতের অনিশ্চয়তা মোকাবিলার অন্যতম উপায় হলো পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা তৈরি করা। বয়স বা পেশা যা-ই হোক, নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখতে হবে।

এআই শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত শেখার সুযোগও তৈরি করতে পারে। সাধারণত একজন ব্যক্তিগত শিক্ষকের কাছ থেকে পড়লে শিক্ষার্থী নিজের প্রয়োজন অনুযায়ী সহায়তা পায়। তবে, এ ধরনের শিক্ষা ব্যয়বহুল। এআই তুলনামূলক কম খরচে শিক্ষার্থীর প্রয়োজন ও শেখার গতি অনুযায়ী পাঠদানের সুযোগ তৈরি করতে পারে।

ভবিষ্যতে কোন পেশার চাহিদা থাকবে, তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করেন সাসকিন্ড। তাই শিশুদের শুধু নির্দিষ্ট কোনো পেশার জন্য প্রস্তুত না করে তারা ভবিষ্যতে কী ধরনের সমস্যার সমাধান করতে চায়, সে বিষয়ে ভাবার সুযোগ দেওয়া উচিত।

তার মতে, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সমাজকর্মের মতো ক্ষেত্রে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে। এসব পেশায় শুধু কাজ সম্পন্ন করাই মুখ্য নয়, মানুষের উপস্থিতি, আন্তরিকতা ও সহমর্মিতারও বিশেষ মূল্য রয়েছে। অসুস্থ ব্যক্তিকে মানসিক সান্ত্বনা দেওয়া কিংবা শিক্ষার্থীর মধ্যে জীবনবোধ তৈরি করার মতো কাজে এআইয়ের পক্ষে মানুষের বিকল্প হয়ে ওঠা সহজ নয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   এআই  শিক্ষা  কৃত্রিম বুদ্ধিমত্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: