প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১১:৪৯ এএম

চিকিৎসাজনিত কারণে আগাম মেনোপজ বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি। ছবি : সংগৃহীত
চিকিৎসাজনিত কারণে আগাম মেনোপজ বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি। ছবি : সংগৃহীত যেসব নারীর স্বাভাবিকভাবে এখনো মেনোপজ হয়নি, তাদের অস্ত্রোপচার, কেমোথেরাপি বা অন্য কোনো চিকিৎসার কারণে ডিম্বাশয়ের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এতে আগাম মেনোপজের পাশাপাশি দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে ৪৫ বছর বয়সের আগে চিকিৎসাজনিত কারণে মেনোপজ হলে এই ঝুঁকি বেশি দেখা যায়। সম্প্রতি জেএএমএ নেটওয়ার্ক ওপেন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় আগের ৩৬টি গবেষণার তথ্য পর্যালোচনা করা হয়েছে। এতে মোট ২৬ লাখ ১৭ হাজার ৯৪২ জন নারী অংশ নেন। তাদের গড়ে ১৬ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় চিকিৎসার কারণে মেনোপজ হওয়া নারীদের সঙ্গে স্বাভাবিক সময়ে মেনোপজ হওয়া নারীদের তুলনা করা হয়েছে।
গবেষণার ফলাফলে দেখা গেছে, চিকিৎসাজনিত কারণে মেনোপজ হওয়া নারীদের হার্ট অ্যাটাকসহ হৃদরোগের ঝুঁকি ২৫ শতাংশ বেশি। তাদের করোনারি হৃদরোগের ঝুঁকি ৪৮ শতাংশ এবং স্ট্রোকের ঝুঁকি ২২ শতাংশ বেশি। এ ছাড়া, ৪৫ বছর বয়সের আগে মেনোপজ হওয়া নারীদের হৃদরোগে মৃত্যুর ঝুঁকি স্বাভাবিক সময়ে মেনোপজ হওয়া নারীদের তুলনায় ২০ শতাংশ বেশি।
গবেষকদের মতে, যে বয়সে ডিম্বাশয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়, সেই বয়স যত কম হয়, ভবিষ্যতে হৃদরোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ তত বাড়ে। বিশেষ করে স্বাভাবিকভাবে মেনোপজ হওয়ার গড় বয়স ৫১ বছরের অনেক আগেই এমন পরিস্থিতি তৈরি হলে ঝুঁকি বেশি স্পষ্ট হয়।
হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের জ্যেষ্ঠ সম্পাদক ড. রবার্ট শ্মারলিং বলেন, ‘যেসব নারীর ডিম্বাশয় অপসারণের অস্ত্রোপচার বা ৪৫ বছরের আগে মেনোপজ ঘটাতে পারে এমন চিকিৎসা নিতে হচ্ছে, তাদের হৃদরোগের বাড়তি ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখা উচিত। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে শর্করার মাত্রা এবং ধূমপানের পাশাপাশি চিকিৎসাজনিত আগাম মেনোপজকেও ঝুঁকির কারণ হিসেবে দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগাম মেনোপজের পর হরমোন থেরাপি হৃদরোগ প্রতিরোধে সহায়তা করতে পারে কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।’
সূত্র : হার্ভাড হেলথ পাবলিশিং
সময়ের আলো/মহু