মিরর সেলফি কেন এত জনপ্রিয়?

সময়ের আলো ডেস্ক

ফিচার

একসময় সেলফি বলতে ক্যামেরার সামনে মুখের ছবি তোলাকেই বোঝানো হতো। সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন শুধু নিজের মুখ নয়,

2026-11-29T13:29:00+00:00
2026-11-29T13:34:12+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ফিচার
মিরর সেলফি কেন এত জনপ্রিয়?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:২৯ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১:৩৪ পিএম
জীবনযাপনের নানা দিক তুলে ধরার মাধ্যম হয়ে উঠেছে মিরর সেলফি। ছবি : সংগৃহীত
জীবনযাপনের নানা দিক তুলে ধরার মাধ্যম হয়ে উঠেছে মিরর সেলফি। ছবি : সংগৃহীত
একসময় সেলফি বলতে ক্যামেরার সামনে মুখের ছবি তোলাকেই বোঝানো হতো। সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন শুধু নিজের মুখ নয়, পোশাক, ব্যক্তিত্ব, ঘরের সাজসজ্জা থেকে শুরু করে জীবনযাপনের নানা দিক তুলে ধরার মাধ্যম হয়ে উঠেছে মিরর সেলফি। ইনস্টাগ্রাম, পিন্টারেস্টসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কিন্তু কেন এতটা জনপ্রিয় হয়ে উঠেছে মিরর সেলফি? 

ফ্যাশন তুলে ধরার সহজ কৌশল

মিরর সেলফির জনপ্রিয়তার অন্যতম কারণ ফ্যাশন। বিশেষ করে ‘আউটফিট অব দ্য ডে’ শেয়ার করার ক্ষেত্রে এটি বেশ কার্যকর। নিজের পোশাক, জুতা, ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ একসঙ্গে ছবিতে তুলে ধরা যায়। এ জন্য অন্য কারও সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে মোবাইলের ক্যামেরায় নিজের পছন্দের লুকটি ধারণ করলেই হলো। ফলে, ফ্যাশনপ্রেমীদের কাছে এটি হয়ে উঠেছে সহজ ও জনপ্রিয় একটি মাধ্যম।

ছবির নিয়ন্ত্রণ নিজের হাতে

সাধারণ ছবি তুলতে অনেক সময় অন্যের সাহায্য নিতে হয়। কিন্তু মিরর সেলফিতে সেই ঝামেলা নেই। ছবির অ্যাঙ্গেল, আলো, দাঁড়ানোর ভঙ্গি কিংবা মুখের অভিব্যক্তি- সবকিছু নিজের মতো করে ঠিক করা যায়। কোন দিক থেকে নিজেকে ভালো দেখাচ্ছে, কোন ব্যাকগ্রাউন্ড মানানসই কিংবা কীভাবে ছবি তুললে পছন্দের লুক ফুটে উঠবে, তা নিজেই নির্ধারণ করা যায়। এই স্বাধীনতাই অনেকের কাছে মিরর সেলফিকে আকর্ষণীয় করে তুলেছে।


কম আয়োজনেই নান্দনিক ছবি

সুন্দর ছবি তুলতে সব সময় পেশাদার ফটোগ্রাফার কিংবা দামি ক্যামেরার প্রয়োজন হয় না। একটি ভালো আয়না, স্মার্টফোন ও পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলেই তৈরি করা যায় আকর্ষণীয় মিরর সেলফি। এতে আলাদা ফটোশুটের আয়োজন করতে হয় না। এমনকি বিশেষ আলোকসজ্জা বা ব্যয়বহুল সরঞ্জাম ছাড়াও নিজের পছন্দের ছবি তোলা সম্ভব। সহজলভ্যতা ও কম খরচের কারণে তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি জনপ্রিয়তা পেয়েছে।

নিজেকে ভালোবাসার প্রকাশ

মিরর সেলফি কেবল সাজগোজ কিংবা ফ্যাশন দেখানোর বিষয় নয়। অনেকের কাছে এটি নিজের প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাস প্রকাশের একটি মাধ্যম। আয়নায় নিজেকে দেখে পছন্দের মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখা অনেকের কাছে আনন্দের বিষয়। নিজের চেহারা, পোশাক কিংবা ব্যক্তিত্ব নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করার প্রকাশও ঘটতে পারে এসব ছবিতে।

কেউ এটিকে আত্মমুগ্ধতা হিসেবে দেখলেও অন্যদের কাছে এটি নিজের স্বকীয়তা উদ্‌যাপনের একটি উপায়। অর্থাৎ অন্যের স্বীকৃতির অপেক্ষা না করে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও এখানে উঠে আসে।

পিন্টারেস্ট থেকে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড

মিরর সেলফির জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিজ্যুয়াল সংস্কৃতি। বিশেষ করে পিন্টারেস্টে নানা ধরনের মিরর সেলফি তরুণদের নতুন নতুন ছবি তোলার ধারণা দিচ্ছে। কেউ পছন্দ করছেন মিনিমাল লুক, কেউ আবার ঘরের সাজসজ্জার সঙ্গে মিলিয়ে ছবি তুলছেন। ইনস্টাগ্রামেও ফ্যাশন ও লাইফস্টাইল কনটেন্টের অংশ হিসেবে এসব ছবি নিয়মিত দেখা যায়। ফলে মিরর সেলফি এখন শুধু ছবি তোলার কৌশল নয়, বরং ব্যক্তিগত রুচি ও জীবনযাপনের ধরন প্রকাশের একটি মাধ্যম হয়ে উঠেছে।


মিরর সেলফি আরও সুন্দর করবেন যেভাবে

ছবি তোলার ধরন যেমনই হোক, কিছু বিষয় খেয়াল রাখলে মিরর সেলফি আরও আকর্ষণীয় হতে পারে।

আয়না পরিষ্কার রাখুন : আয়নায় দাগ বা ধুলাবালি থাকলে ছবির সৌন্দর্য নষ্ট হতে পারে।

প্রাকৃতিক আলো বেছে নিন : দিনের আলোতে ছবি তুললে স্বাভাবিক ও সুন্দর দেখায়।

মোবাইল ধরার ভঙ্গি ঠিক রাখুন : ফোন এমনভাবে ধরুন, যাতে মুখ বা পোশাকের গুরুত্বপূর্ণ অংশ আড়াল না হয়।

ব্যাকগ্রাউন্ড গোছানো রাখুন:  অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে রাখলে ছবিতে মূল আকর্ষণ ফুটে ওঠে।

এডিটিংয়ে সংযমী হোন : অতিরিক্ত ফিল্টার ব্যবহার না করে ছবির স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখুন।

মিরর সেলফির জনপ্রিয়তা মূলত বদলে যাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্কৃতিরই প্রতিফলন। এখন মানুষ শুধু কোনো মুহূর্তের ছবি তুলে রাখতে চায় না, বরং নিজের পছন্দ, ফ্যাশন ও ব্যক্তিত্বও তুলে ধরতে চায়। একটি আয়না আর স্মার্টফোনের সাহায্যে সেই কাজটি সহজেই করা যাচ্ছে। তাই মিরর সেলফি এখন ছবি তোলার অভ্যাসের বাইরে গিয়ে আত্মপ্রকাশের একটি নিজস্ব ভাষা তৈরি করেছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   মিরর সেলফি  ছবি তোলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: