প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ২:৫৭ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ৩:০১ পিএম

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত শরীয়তপুরের জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় দুজন নিহত হয়েছে বলে জানান তিনি।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।
ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় ঘটে যাওয়া একটি সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর মিলেছে বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জেডআই