শৈত্যপ্রবাহ উপেক্ষা করে শুক্রবার ছুটির দিনে জমজমাট ছিল রিহ্যাব ফেয়ার। নির্ভেজাল ফ্ল্যাট-প্লটের খোঁজে ক্রেতাদের ভিড়ে সরগরম ছিল গোটা দিন। সকালের দিকে আবহাওয়া খারাপ থাকায় তুলনামূলক কম ক্রেতা প্রবেশ করলেও পরে তা বাড়তে থাকে। সন্ধ্যার দিকে পরিপূর্ণ হয় মেলা প্রাঙ্গণ। আজ শনিবার শেষ হবে ‘রিহ্যাব উইন্টার ফেয়ার’। শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল), রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট এবং মেলা কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা।
পরিদর্শন শেষে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া বলেন, ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সমন্বয় ঘটাতে আমাদের এই ফেয়ারের আয়োজন। বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের কাছে তুলে ধরছেন। মেলা শেষে নার্সিংয়ের মাধ্যমে এর মধ্য থেকে অনেকে ফ্ল্যাট বা প্লট কিনবেন বলে প্রত্যাশা করেন তিনি। গতবারের চেয়ে এবারের মেলায় ক্রেতাদের সাড়া বেশি পাওয়া যাচ্ছে।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ জানান, এবারের মেলায় ৮০-৯০ শতাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের উপস্থিতি বেশি। মধ্যবিত্তদের জন্য একটি গৃহঋণ তহবিল খুবই জরুরি। সবার ইচ্ছা আছে একটি সুন্দর ফ্ল্যাটের; কিন্তু সামর্থ্যরে ঘাটতি রয়েছে অনেকের। তৈরি ফ্ল্যাটের প্রতি আগ্রহ একটু বেশি বলেও জানান তিনি। মেলায় ঋণসুবিধা দিতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন মেলায় আসা ক্রেতাসাধারণ। ক্রেতারা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে তাদের প্রকল্পগুলোর প্রসপেক্টাস নিয়ে গেছেন। যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে যোগাযোগ করবেন বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা করছে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, মেলায় আসা ক্রেতাদের মধ্যে স্বল্প এবং মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি। তাদের আগ্রহ ছোট এবং মাঝারি মানের ফ্ল্যাটের দিকে।
এদিকে প্রতিবছরের মতো এবারও রিহ্যাব মেলায় অংশ নিয়েছে আবাসন শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের আমিন মোহাম্মদ ল্যান্ডস্ ডেভেলপমেন্ট লিমিটেড ও আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি এবারও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে ক্রেতাদের সামর্থ্যরে মধ্যে নিয়ে এসেছে ফ্ল্যাট ও প্লট। শুক্রবারও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল আমিন মোহাম্মদ গ্রুপের স্টলে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি।
আমিন মোহাম্মদ ল্যান্ডস্ ডেভেলপমেন্ট লিমিটেডের অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেল্স) মোহাম্মদ আসাদুজ্জামান সময়ের আলোকে বলেন, ছুটির দিন হওয়ায় শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের চাপ বেশি ছিল। শেষ দিন ক্রেতার উপস্থিতি আরও বাড়বে। ইতোমধ্যেই অনেক ক্রেতাই আমাদের প্রজেক্ট ভিজিট করেছেন। প্রকল্পগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় এবারের আবাসন মেলায় ক্রেতাদের সাড়া প্রত্যাশার চেয়ে বেশি পাচ্ছি।
প্রসঙ্গত, এবারের ফেয়ারে ১৬০টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল রয়েছে। এ বছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে রিহ্যাব ফেয়ারে। ২৪ ডিসেম্বর, ২০১৯ তারিখ মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফেয়ারের উদ্বোধন করেন। এই ফেয়ারের এন্ট্রি টিকেটের র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় সব মূল্যবান পুরস্কার। মেলার শেষ দিন আজ ২৮ ডিসেম্বর রাত ৯টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ, চতুর্থ পুরস্কার একটি ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশন, পঞ্চম পুরস্কার একটি ওয়াশিং মেশিন, ষষ্ঠ পুরস্কার ডিপ ফ্রিজ (একটি), সপ্তম পুরস্কার মোবাইল ফোন (একটি), অষ্টম পুরস্কার মোবাইল ফোন (একটি), নবম পুরস্কার মাইক্রোওভেন (একটি) এবং দশম পুরস্কার এয়ারকুলার (একটি)। এ ছাড়া আরও পাঁচটি পুরস্কার থাকবে।