স্বতন্ত্র বেতন কাঠামো পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের হাতে অবরুদ্ধ ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আলমসহ পর্ষদ সদস্যদের মুক্ত করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের বের করে নিয়ে আসে। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা ‘সেম, সেম’ বলে ওঠেন। রাত ১১টার পর ধীরে-ধীরে সবাই ব্যাংক কার্যালয় ত্যাগ করেন।
এর আগে রোববার সন্ধ্যায় মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের বৈঠক শেষে পর্ষদ সদস্যদের অবরুদ্ধ করে রাখে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।
প্রতিষ্ঠাকাল থেকেই বেসিক ব্যাংক নিজস্ব বেতন কাঠামোতে পরিচালিত হয়ে আসছে। ব্যাংকটির বেতন কাঠামো রাষ্ট্রমালিকানাধীন অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি ছিল। বড় ধরনের জালিয়াতি ও ঋণ অনিয়মের কারণে সাত বছর ধরে ব্যাংকটি লোকসান দিয়ে আসছে।
এ অবস্থায় গত ২২ ডিসেম্বর অন্য সরকারি ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো কার্যকর করে প্রজ্ঞাপন জারি করে বেসিক ব্যাংক। ২৩ ডিসেম্বর বিষয়টি জানার পর এমডির কক্ষের সামনে জড়ো হন প্রধান কার্যালয়ের কর্মীরা। তখন এমডি কর্মকর্তা-কর্মচারীদের বলেন, বিষয়টি পরবর্তী পর্ষদ সভায় আলোচনার জন্য তুলবেন।
রোববার পর্ষদ বৈঠকে পূর্বের কাঠামো পুনর্বহালের দাবি নাকচ করা হয়। এই তথ্য জানার পর কর্মকর্তা-কর্মচারীরা আবার বিক্ষোভ করেন এবং বোর্ডরুমের সামনে অবস্থান নেন। পর্ষদ বৈঠক শেষে একজন সদস্য বের হয়ে নিচে নামার জন্য লিফটের সামনে এলে বিক্ষোভকারীরা তাকে জোরপূর্বক বোর্ডরুমে ফেরত আসতে বাধ্য করেন। পাশাপাশি অন্য সদস্যদের বোর্ডরুম থেকে বের হতে নিষেধ করেন। এ সময় তারা নানা স্লোগান দেন।