ষ আনন্দ সময় প্রতিবেদক
এই সময়ের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি। বর্তমানে সরকারি অনুদানের ‘আশীর্বাদ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘নবাব এলএলবি’। এ ছবির অর্ধেক মুক্তি দেওয়া নিয়ে চলছে বিতর্ক। এসবের রেশ না কাটতেই মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ শিরোনামের ছবিতে। চতুর্থবারের মতো মাহিকে নিয়ে কাজ করছেন মানিক। ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন মাহিয়া মাহি ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বিজয়ী এ কে আজাদ আদর। নির্মাতা মানিক বলেন, ‘ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মিত হয় না। এই সিনেমাটি আমার জন্য চ্যালেঞ্জিং।’
গল্পে দেখা যাবেÑ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মাহি। এলাকায় তার পরিবারের বেশ প্রভাব। অপরদিকে আদর দর্জি। মেয়েদের জামাকাপড় বানানোতে তার সুনাম আছে। সে কারণেই আদরের কাছে যায় মাহি।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হবে বগুড়ায়। এখন চলছে গান রেকর্ডিং ও প্রি-প্রোডাকশনের কাজ।
এর আগে মাহিয়া মাহিকে নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন ‘জান্নাত’ ও ‘আনন্দ অশ্রু’ ছবি দুটি।