প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:২৮ পিএম (ভিজিট : ২৩৫)
ষ নিজস্ব প্রতিবেদক
উচ্ছেদ অভিযান কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, এসব উচ্ছেদ অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে। কোনোভাবেই এ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। উচ্ছেদ অভিযান নিয়ে মামলা করাকে কেন্দ্র করে সাবেক মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের কাছে করা এক মন্তব্যের পর কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়া একথা বলেন মেয়র তাপস। তিনি বুধবার ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্র্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
মঙ্গলবার নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২-এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। বুধবার এ মামলা গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দেন আদালত। মামলা করার পরপরই অভিযুক্ত সাবেক মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন ওরফে দেলুকে দিয়ে সব নোংরামি করাচ্ছেন। এতে তার নিজের ও দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাঈদ খোকনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে মেয়র তাপস বলেন, আমি আবারও খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের এই অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। কোনো ব্যক্তি যদি এতে হেয়প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা ওই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের বিষয় নয়। অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে জানিয়ে মেয়র বলেন, কোনোভাবেই এ কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। আমরা কোনোভাবেই আপোস করব না। প্রসঙ্গত, অবৈধ নকশার দোকান উচ্ছেদে গত ৮ ডিসেম্বর থেকে রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২-এ অভিযান চালাচ্ছে ডিএসসিসি। সংস্থাটি জানিয়েছে, নকশা অনুযায়ী এই মার্কেটে ২ হাজার ২৮৪টি দোকান থাকার কথা। কিন্তু গত কয়েক দশকে সেখানে নকশাবহির্ভূতভাবে ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছে। সাবেক মেয়র সাঈদ খোকন এসব দোকানকে বৈধতা দিতে চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে।