যে কারণে বেড়েছে পাসের হার

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পাস

সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পাস করেছে। নতুন ব্যবস্থায় নেওয়া এই পরীক্ষায় পাসের

2021-12-31T00:14:03+00:00
2021-12-31T00:14:03+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ক্যাম্পাস
যে কারণে বেড়েছে পাসের হার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:১৪ এএম   (ভিজিট : ৪৫৬)
সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় এ যাবৎকালের সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী পাস করেছে। নতুন ব্যবস্থায় নেওয়া এই পরীক্ষায় পাসের হার বেড়েছে প্রায় ১১ শতাংশ। নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মাধ্যমিকে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৭ হাজার ৪৪২ জন। গত বছর এসএসসি পরীক্ষায় পাস করেছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, তিন কারণে এবার মাধ্যমিকের পাসের হার বেড়েছে। এর মধ্যে অন্যতম আবশ্যিক বিষয় ইংরেজি ও গণিতের পরীক্ষা দিতে হয়নি। সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এসব বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল।

এ বছরের এসএসসি পরীক্ষা ছিল মহামারির মধ্যে প্রথম কোনো পাবলিক পরীক্ষা। মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় অটোপাস দেওয়া হয়েছিল। দেশে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে এলেও কোভিড পরিস্থিতিতে এবার নয় মাস পিছিয়ে ১৪ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দশম শ্রেণিতে মাত্র চার মাস সরাসরি ক্লাস করার সুযোগ পায় পরীক্ষার্থীরা। সংক্রমণের ঝুঁকি কমাতে এ বছর পরীক্ষাও হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তিন ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হয়েছে দেড় ঘণ্টায়। কেবল তিনটি নৈর্বচনিক বিষয়ের পরীক্ষায় বসতে হয়েছে শিক্ষার্থীদের।

এবার বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এসএসসি পরীক্ষার ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে হয় এ পরীক্ষা। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণিতে জেএসসি ও জেডিসি পর্যায়ে যেসব বিষয় পড়ানো হয়, তার সব কটি এসএসসির স্তরে থাকে না। জেএসসি, জেডিসি পরীক্ষার আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, গণিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নম্বর বিবেচনা করে এসএসসিতে বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে।

গ্রুপভিত্তিক প্রতিটি বিভাগে তিনটি বিষয়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা। পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান বিষয়ে ৮টির মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হয়। হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি বিষয়ে ১১টির মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয়। চতুর্থ বিষয়ের ক্ষেত্রে যে ৩টি নৈর্বচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সে বিষয়গুলো ছাড়া চতুর্থ বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জেএসসি ও জেডিসি পর্যায়ের আবশ্যিক বিষয় হতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, চতুর্থ বিষয় জীববিজ্ঞানের ক্ষেত্রে জেএসসি ও জেডিসির বিজ্ঞানের প্রাপ্ত নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আবার উচ্চতর গণিতের নম্বরের ক্ষেত্রে অষ্টম শ্রেণির সাধারণ গণিতের প্রাপ্ত নম্বরকে ধরা হয়েছে। পাসের হার বেশি হওয়ার কারণ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর একটা কারণ এ বছর আমরা তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল। হয়তো এসব কারণে পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আবশ্যিক বিষয় ইংরেজি পরীক্ষা না থাকা পাসের হার বৃদ্ধির পেছনে একটা কারণ। তিনি বলেন, দেশে প্রতিবছর ইংরেজি বিষয়ে ফেল করে বহু শিক্ষার্থী, এবার সে পরীক্ষা তাদের দিতে হয়নি, এটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। এ ছাড়া পরীক্ষা ১০০ নম্বরের হলেও উত্তর দেওয়ার ক্ষেত্রে চাপ কম ছিল। প্রতিবছর যেখানে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়, এবার ওই একই আটটি প্রশ্নের মধ্যে দুটি উত্তর লিখতে হয়েছে।





Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: