ভালো কলেজে ভর্তি নিয়ে উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পাস

মাধ্যমিকে অভাবনীয় ফলাফল করে পাসের আনন্দে শিক্ষার্থীরা আত্মহারা। সেই রেশ না কাটতেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ।

2021-12-31T00:18:48+00:00
2021-12-31T00:18:48+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ক্যাম্পাস
ভালো কলেজে ভর্তি নিয়ে উৎকণ্ঠা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:১৮ এএম   (ভিজিট : ৬২০)
মাধ্যমিকে অভাবনীয় ফলাফল করে পাসের আনন্দে শিক্ষার্থীরা আত্মহারা। সেই রেশ না কাটতেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। রাজধানী ঢাকা ও অন্যান্য জেলা শহরে ভালো কলেজে ৪০ হাজারের কিছু বেশি আসন রয়েছে। এ হিসাবে ভালো কলেজে ভর্তির সুযোগ বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরাই। এসএসসিতে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন জিপিএ-৫ পেয়েছে। এরা সবাই দেশসেরা কলেজে ভর্তির সুযোগপ্রত্যাশী। হিসাব মেলাতে হচ্ছে কতজনের সঙ্গে একটি আসনের জন্য প্রতিযোগিতায় নামতে হবে শিক্ষার্থীদের? কেউ কেউ হয়তো বিজ্ঞান শাখা থেকে ব্যবসায় শিক্ষা কিংবা মানবিকে চলে আসবে। ভালো ও মানসম্পন্ন কলেজে ভর্তিতে সুযোগবঞ্চিত হতে হবে জিপিএ-৫ পাওয়া মেধাবীদের।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন কার্যক্রম আগামী ৫ জানুয়ারি শুরু হবে। ২২ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
 
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একাদশ শ্রেণির আবেদনের ফল তিন ধাপে দেওয়া হবে। প্রথম ফল প্রকাশ করা হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি। ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারি।

আগে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ছিল ২২ বছর। এবার এ শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হবে। এ ছাড়া ২০১৯ থেকে ২০২১ সালের পাস করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এবারও খ্রিস্টান ক্যাথলিক চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, রাজধানীতে ভালো ও মানসম্পন্ন কলেজগুলোতে এ বছর একটি আসনও বাড়ছে না। সব জিপিএ-৫ ধারীদের প্রথম পছন্দ হচ্ছে ছেলেদের জন্য নটর ডেম কলেজ, সিটি কলেজ ও রাজউক উত্তরা মডেল কলেজ। সরকারি কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ পছন্দের শীর্ষে রয়েছে। মেয়েদের প্রথম পছন্দ হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং হলিক্রস কলেজ। এ ছাড়া জেলা শহরে অবস্থিত কলেজগুলোর মধ্যে সরকারি কলেজগুলোই প্রথম পছন্দ থাকবে।

মাউশির পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকার কলেজগুলোর মধ্যে ভালোমানের কলেজ হিসেবে পরিচিত নটর ডেম কলেজে ৩ হাজারটি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ৯৯০টি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৬৫০টি, ঢাকা কলেজে এক হাজার ১০০টি, হলিক্রস কলেজে ৪৯০টি, ঢাকা কমার্স কলেজে ৯০০টি, সরকারি বিজ্ঞান কলেজে ৪৭৫টি, বদরুন্নেছা কলেজে ৮২০টি, ঢাকা সিটি কলেজে এক হাজার ১৮০টি ও রাজউক উত্তরা মডেল কলেজে ৪৫৫টি আসন আছে। এ ছাড়া লালমাটিয়া গার্লস কলেজে ৬১৫টি, মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ৪৩২টি, ঢাকা বিজ্ঞান কলেজে ৩৭০টি, বিএএফ শাহীন কলেজে ৬০৬টি, তেজগাঁও কলেজে ৪০২টি, শেখ বোরহানউদ্দিন কলেজে ১৯৯টি, রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৫৬৫টি, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ১৯৮টি, সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১৪০টি, নবকুমার ইনস্টিটিউশনে ১০০টি, এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজে ১০৩টি, সরকারি বাঙলা কলেজে ৯৭২টি, মোহাম্মদপুর কেন্দ্রীয় ইউনিভার্সিটি কলেজে ২০৭টি, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০৯টি, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে ৩৪টি, নিউ মডেল ডিগ্রি কলেজে ২১৪টি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ৬০টি, সিদ্ধেশ্বরী কলেজে ৬৭১টি, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৬৫১টি, শেরেবাংলা বালিকা স্কুল অ্যান্ড কলেজে ৩০৯টি, সরকারি সোহরাওয়ার্দী কলেজে এক হাজার ৪৮৫টি ও ঢাকা মহানগর মহিলা কলেজে ৫১৪টি আসন রয়েছে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসিতে উত্তীর্ণ সব শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে। প্রতিবছরই কলেজের আসন ফাঁকা থাকে। সব শিক্ষার্থী ভর্তিতে সমস্যা হবে না।



Loading...
Loading...
ক্যাম্পাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: