রাজধানীর গুলিস্তানে দুর্ঘটনাকবলিত বাস সরাতে গিয়ে পুনরায় দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুক্রবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় নিহত তুষারের বাবা শুক্রবার সকালে বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় পল্টন থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় এএসআই এমদাদুলকে গ্রেফতার করা হয়। পরে আদালতে সাতদিনের রিমান্ড চাইলে ওই এএসআইকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া আরো বলেন, এএসআই এমাদুল হক পুলিশে কনস্টেবল পদে চাকরি শুরু করেন। তখন থেকেই তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের গাড়ি চালাতেন। তখন থেকেই তার ড্রাইভিং লাইসেন্স ছিল এবং গাড়ি চালানোর অভিজ্ঞতাও ছিল। পরে এমাদুল পদোন্নতি পেয়ে এএসআই হন।
প্রসঙ্গ, বৃহস্পতিবার বিকেলে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দুর্ঘটনার বাস সরিয়ে অন্যত্র নেওয়ার সময় আবারো দুর্ঘটনা ঘটে। এত যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।
/এমএইচ/