দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার নির্বাচনী পোস্টার বা লিফলেটের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের কোন কাজ আমি করি নাই। এটা ষড়যন্ত্রমূলকভাবে কেউ করেছে যাতে করে আমার ভোটের জোয়ার কমে যায়।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মাধবপুর উপজেলার বুল্লা বাজারে নির্বাচনী জনসভা শেষে শোকজের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সুমন বলেন, যে বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি গর্ববোধ করি, এটা আমার জন্য সম্মানজনক। কারণ আমার পোস্টার এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং জয় বাংলা লেখা ছিল বলে অভিযোগ করা হয়েছে। তারপরেও আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে লিখিতভাবে অভিযোগের জবাব দিয়েছি।
তিনি আরো বলেন, আমি এই মুহূর্তে ষড়যন্ত্রের মধ্যে আমি নির্বাচন করছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে মানুষের গণ জোয়ার দেখে। সুযোগ বুঝে ষড়যন্ত্রকারীরা মাথা নাড়া দিয়ে উঠছে। কিন্তু মানুষের গণ জোয়ার কোন ষড়যন্ত্র দিয়ে দমানো যাবে না।
এর আগে ৩১ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটি ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে দর্শানোর নোটিশ দেন। আজ (মঙ্গলবার) সকালে ব্যারিস্টার সুমন তার প্রতিনিধির মাধ্যমে নোটিশের জবাব প্রদান করেন।
সময়ের আলো/আরআই