চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে গেল বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১৬৪ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকা। পাথরের সাথে পেঁয়াজের পাশাপাশি প্রথমবারের মতো আলু ও কৃষিপণ্যের আমদানি বাড়ায় এই রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে৷ আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছেন বন্দর সংশ্লিষ্টরা।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টম স্টেশন সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১ হাজার ৩৭ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকা। যার বিপরীতে আদায় হয়েছিল ৬১৮ কোটি ৯২ লাখ ২৪ হাজার টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৭৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার টাকা। আর ৫ মাসে সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে ২৪৭ কোটি ৭ লাখ ৪৩ হাজার টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায় বেড়ে হয়েছে ৪১১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা। রাজস্ব বৃদ্ধির হার ৬৬ দশমিক ৬৩ শতাংশ। গত অর্থবছরের তুলনায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে আমদানি-রপ্তানি বেড়েছে ৪ লাখ ১১ হাজার ৯ মেট্রিক টন পণ্য। 
বন্দর সংশ্লিষ্টদের দাবি, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অধিকহারে পেঁয়াজ ও প্রথমবারের মতো আলু আমদানি রাজস্ব আদায় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়াও দেশের চলমান উন্নয়নকাজের চাহিদার প্রেক্ষিতে পাথর আমদানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাজস্ব আদায়। এছাড়াও বেড়েছে গুড় ভূসিসহ কৃষিপণ্যের আমদানি।
এক বছরের অধিক সময় ধরে উচ্চ শুল্কের বিভিন্ন ফল আমদানি বন্ধ রয়েছে সোনামসজিদ স্থলবন্দরে। ফল আমদানি পুনরায় শুরু হলে চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, দাবি কাস্টমস কর্তৃপক্ষের।
সময়ের আলো/আরআই