আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘নির্বাচন আসলে যারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, সেই তারেক জিয়াসহ বিএনপি নেতাদের যদি আজকের নৌকা প্রতীকের জনসভার এই জনসমুদ্র দেখানো যেত, তাহলে তারা লজ্জা পেত। ৭ জানুয়ারি নির্বাচনের পক্ষে হাজার হাজার মানুষ এসে জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছে। নির্বাচন আসলে যারা ষড়যন্ত্র করে তাদেরকে ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমেই উচিত শিক্ষা দেওয়া হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুঃ জিয়াউর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জনসভায় খায়রুজ্জামান লিটন বলেন, যারা বলছে, ‘৭ জানুয়ারি নির্বাচন হবে না, তাদের মুখে ছাই দিয়ে ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে। আমরা হাসি মুখে ভোট কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। দেশের দক্ষিণাঞ্চল সেজেছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই তুলনায় রাজশাহী ও রংপুর বিভাগ পিছিয়ে আছে। এবার নির্বাচনের পর রাজশাহী ও রংপুর বিভাগেও ব্যাপক উন্নয়ন হবে। পুরো দেশকে জননেত্রী শেখ হাসিনা মায়ের মতো করে দেখেন।’
রাসিক মেয়র লিটন আরো বলেন, ‘ভোলাহাটে রেশম শিল্পের রমরমা অবস্থা ছিল। ২০০৫ সালে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে কারাখানা বন্ধ করে দেয় বিএনপি সরকার। আমরা নতুন করে রেশম শিল্পকে জাগিয়ে তুলতে চাই। নামমাত্র জামানত ছাড়াই কৃষককে ঋণ দিয়ে তুত চাষে উৎসাহিত করা হবে। আপনাদের এলাকার উন্নয়ন ও প্রাণের চাওয়া পূরণে আমি আপনাদের পাশে থাকব। আগামী ৫ বছরে এই অঞ্চলে অনেক উন্নয়ন হবে। এজন্য ৭ জানুয়ারি আমার ও আপনার প্রিয় মানুষ মুঃ জিয়াউর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।’
নির্বাচন বাধা সৃষ্টিকারীদের প্রতিহতের আহবান জানিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ৭ জানুয়ারি যদি কেউ বাধা সৃষ্টি করে, ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়, তাদেরকে সাহসের সাথে প্রতিহত করতে হবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার আলী মন্ডল, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক। সঞ্চালনা করেন রহনপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান।
সময়ের আলো/আরআই