ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান শিক্ষক ও স্কুল কমিটির দ্বন্ধের নেপথ্যে আগুন লাগানো হয়েছিলো বলে দাবি করেছেন পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান সংবাদ সম্মেলন বলেন, চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ১ লিটার পেট্রোল এনে শিক্ষক মিলনায়তন কক্ষে রাখে।
এরপর স্কুলের অডিট সংক্রান্তে বিষয় এবং প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে স্কুলে যোগদান করানো সংক্রান্ত বিষয় নিয়ে ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের মধ্যে দ্বন্দ্ব নিয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন লাগিয়ে নষ্ট করার জন্য আগুন লাগানো হয়। অফিস সহকারী আব্দুর রহমান আজাদ মর্নিং ওয়ার্ক করতে করতে স্কুলে আসে পেন্ডিং কাজ করার জন্য, এসে দেখে স্কুলে আগুন জ্বলতেছে। তখন সে পিয়ন আবু বক্কর সিদ্দিককে ফোন করে জানায় স্কুলে আগুন লেগেছে। এঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিককে (৪২) গ্রেফতার করা হয়েছে।
পিয়ন আবু বকর সিদ্দিক পরিকল্পিতভাবে নিজে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এর আগে একইদিন ভোরে ওই বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়টির অফিস কক্ষ।
স্থানীয় সূত্র জানায়, চরসাহাভিকারী স্কুলে দুর্বৃত্তদের দেয়া আগুনে চেয়ার-টেবিল ও আলমারিতে থাকা কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, এ ঘটনায় শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলায় পিয়ন আবু বকর সিদ্দিককে গ্রেফতার দেখিয়ে আজ (শনিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
সময়ের আলো/আরআই