গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে নৌকার প্রার্থী উম্মে কুলছুম স্মৃতির বাস ভবনে হামলা ও গাড়ী ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের পৌর এলাকার কালিবাড়ি বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।
উম্মে কুলছুম স্মৃতি গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বিকেল ৪টার দিকে হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের সাথী সিনেমা হলের সামনে থেকে বের হয়। পরে কালীবাড়ি বাজার এলাকায় এমপির বাসার সামনে পৌঁছালে মিছিল থেকে এমপির বাসা উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এসময় তার বাসায় সামনে রাখা একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এসময় তার বাড়িতে অবস্থান করছিলেন।
সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলছুম স্মৃতি বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
তিনি আরও জানান, এসময় তার ছোট ভাই পাপুলের মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়। তিনি এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিষয়ে কথা বলতে পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সামাদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।
পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আওয়ামী লীগ নেতা ও পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল করে।
সময়ের আলো/আরআই