দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান এবং লাঙ্গল প্রতীক নিয়ে তার বড়ভাই একেএম সেলিম ওসমান।
রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নৌকার প্রতীক নিয়ে ২৩১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির গোলাপ ফুল মার্কার মুরাদ হোসেন জামাল পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট। ১ লাখ ৮৮ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন শামীম ওসমান। এ নিয়ে টানা তৃতীয়বার ও মোট চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন শামীম ওসমান।
অপরদিকে তার বড়ভাই একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ১৭৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী লাঙ্গল প্রতীক নিয়ে সর্বমোট ১ লাখ ১৫ হাজার ৪২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার মার্কার এএমএম একরামুল হক ৩ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন। ১ লাখ ১১ হাজর ৬৯২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন সেলিম ওসমান।
এছাড়াও গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আসনে নারায়ণগঞ্জ-১ নৌকার প্রতীক নিয়ে ১২৮টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতিক নিয়ে মোট ভোট পেয়েছেন ৩৮ হাজার ৭৫ টি। তৃণমূল বিএনপি তৈমূর আলম খন্দকার সোনালী আঁশ প্রতীকে ৩ হাজার ১৯০টি ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ-২ আসনে ২টি কেন্দ্র স্থগিত হলেও ১১৫টি কেন্দ্রে নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬৮ হাজার ২৪২টি পেয়ে জয় লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতিক নিয়ে ৭ হাজার ২৫৬টি ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে ১৩১টি কেন্দ্রে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১২ হাজার ৮০৮টি পেয়ে জয় লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিক নিয়ে ৩৫ হাজার ৮১১টি ভোট পেয়েছেন।
সময়ের আলো/জিকে