পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার পথে ৭ জনকে কুপিয়ে জখম করেছে ঈগল প্রতীকের সমর্থকরা। সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় বশির চৌকিদার (৫০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছলে ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এঘটনায় এখনো অভিযোগ পাইনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
সময়ের আলো/আরআই