কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে এক কলেজের লাইব্রেরিয়ানকে প্রকাশ্যে কান ধরে উঠবস ও লাঞ্চিত করেছে সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতির শিকার ধোকড়াকোল ডিগ্রী কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল বাদী হয়ে খোকসা থানায় মামলা করেছেন।
এ ঘটনায় মামলার আসামি রবিউল ইসলাম(৩৫)কে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে। বুধবার (১০ জানুয়ারি) সকালে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম কলেজ থেকে মুঠোফোনে জাহাঙ্গীর আলমকে স্থানীয় ধোকড়াকোল বাজার সংলগ্ন কলেজ মোড়ে ডেকে আনে। এ সময় তার বিরুদ্ধে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে নৌকার পক্ষে কাজ করার জন্য জাহাঙ্গীর আলমকে ৭ বার কান ধরে উঠবস করায় রবিউল। এ সময় তাকে নানাভাবে লাঞ্চিত করা হয়।
জানা গেছে, এই আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।
মামলার বাদী শিক্ষক জাহাঙ্গীর আলম আলালের বিচার আল্লাহর করবেন মন্তব্য করে বলেন, নিরাপত্তা ও সন্মানের বিষয়টি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরবর্তীতে বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, এমন ঘটনা ঘটেছে সেটা সবাই জানে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জিকে