সুনামগঞ্জের শান্তিগঞ্জে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আব্দুন নূর (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-দিরাই আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুন নূর গাগলী গ্রামের মৃত আফিজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছুটে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস গাগলী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আব্দুন নূরকে ধাক্কা দেয়। এতে বাস ও গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান ওই পথচারী। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, বেপরোয়া বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর ব্যবস্থা করেছি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
সময়ের আলো/আরআই