চট্টগ্রামের আনোয়ারার রায়পুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গত দুই সপ্তাহ ধরে ট্রলারসহ নিখোঁজ ১৫ জেলের সন্ধান মিলেছে মিয়ানমারে। ইঞ্জিন বিকল হওয়া ট্রলারসহ নিখোঁজ জেলেরা ভাসতে ভাসতে মিয়ানমার জলসীমায় চলে গেলে সেখানে তাদের উদ্ধার করে মিয়ানমার নৌবাহিনী। পরে তারা ওই জেলেদের বাংলাদেশের জলসীমায় নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। এ সময় মিয়ানমার নৌবাহিনী জেলেদের জন্য পর্যাপ্ত খাবারসহ জ্বালানি তেলও উপহার দেয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গত রোববার রাত সাড়ে ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড ওই জেলেদের ট্রলারসহ নিয়ে সেন্টমার্টিন উপকূলে পৌঁছায়। সেখানে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সেন্টমার্টিন কোস্ট গার্ড জেটিতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ইঞ্জিন মেরামতের কাজ করা হচ্ছে।
উদ্ধার হওয়া ওই জেলেদের নাম মো. নুরুজ্জমা ওরফে কালু, আবদুল মন্নান, মহিউদ্দিন, মো. রায়হান, কালু মিয়া, আলী হোসেন, মো. রাসেল, মো. মোরশেদ, মো. বোরহান, আবুল মনসুর, আলী আহমদ, আবদুল হান্নান, জালাল উদ্দিন, আবু ছাদেক ও আবদুল করিম বলে জানা গেছে। তাদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের সবার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে।
সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. তাকিউল আহসান বলেন, মিয়ানমার নৌবাহিনীর মাধ্যমে খবর পেয়ে সাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ গিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। মিয়ানমার নৌবাহিনী তাদের জলসীমায় ট্রলারটির সন্ধান পায় রোববার সকালে। ওই দিন বিকালে তারা সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশি জেলেদের জলসীমায় নিয়ে এসে কোস্ট গার্ডকে বুঝিয়ে দেয়। পরে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ওই ১৫ জেলেকে সেন্টমার্টিন নিয়ে আসে।
সময়ের আলো/জেডআই