দিনাজপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন হুইপ ইকবালুর রহিম। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর একাডেমী মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে ৬০০ শীতার্ত মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (কম্বল) বিতরণ করেন তিনি।
এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে আপনারা বঙ্গবন্ধু কন্যাকে সুযোগ করে দিয়েছেন। তার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে কোন ষড়যন্ত্রই রুখতে পারবে না। তাই আপনাদের কষ্টের কথা চিন্তা করে তিনি শীতবস্ত্র পাঠিয়েছেন।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান ইমদাদ সরকার , দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সময়ের আলো/জেডআই