ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একটি দলের প্রার্থী হয়ে দলীয় প্রতীক নিয়ে আমাকে ৫৯ শতাংশ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভোটের পরে নির্বাচিত হওয়ার পর ১০ জানুয়ারি শপথ নেয়ার পর তখন থেকে আমি আর নির্দিষ্ট কোন দলের নই, কোন বলয়ের নই, কোন ব্যক্তি, বা কোন ভাইয়ের নয়, এখন থেকে আমি সিংড়া ৫ লক্ষ মানুষের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি। তার পরে গোপনে তথ্য সংগ্রহ করে সিংড়ার নদী-খালে অবৈধ ভাবে ১৫৫ কিলোমিটার বাঁধ এবং বাধা সৃষ্টি করে ছিলো কঠোর ভাবে নির্মূল করেছি। আগামীতে কেউ বাঁধ এবং বাঁধা সৃষ্টি করলো কঠোর ভাবে নির্মূল করা হবে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সমাজের আয়োজনে অ্যাড. জুনাইদ আহমেদ পলক টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত ও তৃতীয় বার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ‘নাগরিক সংবর্ধনা’ প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সিংড়ার নদী-নালা, পুকুর, খাল-বিল কোনো অপশক্তি জবর দখল করে রাখতে পারবে না। যার জাল আছে সে তার জলাতে ন্যায্য অধিকার পাবে। খালে কোনো বাঁধ থাকবে না, নদীতে কোনো সূর্তি জাল থাকবে না। চলনবিলে আমরা ১৫০ কিলোমিটার খাল দখলমুক্ত করেছি। যদি এ খালে কেউ বাঁধা সৃষ্টি করে আমরা তাকে নির্মূল করবো। আমার সিংড়া চলনবিলে কেউ যদি অবৈধ ভাবে বাঁধা প্রয়োগ করবে তাকে আমরা নির্মূল করবো ইনশাআল্লাহ।
পলক বলেন, চলনবিলে থেকে জবর দখলদারদের উচ্ছেদ করা হবে। কারো জমিতে কেউ অবৈধ ভাবে জবর দখল করতে পারবে না। দলিল যার, জমি তার। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিংড়া থেকে দখলদারদের উচ্ছেদ করা হবে। আমরা চলনবিল সিংড়ার শিক্ষিতদের মেধা ও যোগ্যতার মাপ কাঠিতে চাকরি নিশ্চিত করবো। আমার সিংড়ার অসহায় গরীব মানুষ যেন জমি বিক্রি করে, ধার করে টাকা দিয়ে ছেলের চাকরি নিতে কোনো পরিবারকে সর্বত্র হারাতে না হয় সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তি বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করবো।
চতুর্থবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩, সিংড়া আসনে নৌকা প্রতীকের বিজয় উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও সিংড়ার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
সময়ের আলো/আরআই