ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মরামারির ঘটনা হয়েছে। এ সময় বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের সহকারি উপ কমিশনার (এসি) রিফাতুল ইসলাম।
তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়।
এসি বলেন, বিষয়টি ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। পরে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েক দফা সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। দুই পক্ষেই পাল্টাপাল্টি ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের কারণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্বিগ্বিদিক ছুটতে থাকেন। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা একটি লেগুনা ও বাস ভাঙচুর করে।
এবিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি করে থাকে।
সময়ের আলো/জিকে