তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ফেনীর সোনাগাজীতে শতাধিক ছাগল মারা গেছে। উপজেলার সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকায় শহীদুল ইসলামের খামারে চলতি মাসে এসব ছাগল মারা যায়। এতে পুঁজি হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ওই খামারি। তবে খোলা ও অপরিচ্ছন্ন পরিবেশে ছাগলগুলো রাখায় এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খামারি শহীদুল ইসলাম বলেন, আগে ৬-৭টি গরু থাকলেও ২০১৮ সালে সাড়ে ৮ লাখ টাকা খরচ করে ৩০টি ছাগল দিয়ে ছাগলের খামার শুরু করেন। ধীরে ধীরে ছাগলগুলো বাচ্চা দিলে খামার ভরে ওঠে। ৩০টি ছাগল থেকে খামারে প্রায় দেড়শ ছাগল হয়। গত কুরবানির ঈদে ৪০টি ছাগল বিক্রি করে দেন। এরপর খামারে থাকা ১১০টি ছাগলক লালন-পালন করছিলেন। চলতি মাসের শুরুতে হঠাৎ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে ছাগলগুলো। কোনোটা দাঁড়াতে পারছিল না। খাবার খাওয়া বন্ধ করে দেয়। কিছু ছাগলের মুখ দিয়ে লালা ঝরতে থাকে।
এমন পরিস্থিতিতে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খামার পরিদর্শন করে পিপিআর টিকাসহ বিভিন্ন রোগের ওষুধ দেন। তবে এরই মধ্যে খামারের ১০৫টি ছাগল মারা যায়।
কর্মকর্তা নেবু লাল দত্ত বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে খামারি শহীদুল ইসলামের ছাগলগুলো মারা গেছে। খামারির সঙ্গে কথা বলে ওষুধ ও টিকা দিয়ে ছাগলগুলোকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু খামারটি খোলা ও অপরিচ্ছন্ন থাকায় ছাগলগুলো ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
সময়ের আলো/জেডআই