সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা: বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার ৮

বরিশাল ব্যুরো

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪ জনকে

2024-01-31T20:18:46+00:00
2024-01-31T20:18:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা: বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৮:১৮ পিএম 
সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা: বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশালে র‌্যাব-৮ এর সদর দপ্তরে উপ-পরিচালক মো. রবিউল ইসলাম এসব তথ্য জানান।

র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হলেন- বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম।

র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানিক টিম বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোল্লারহাট থানা এলাকা থেকে এই ৪ জনকে গ্রেফতার করে। হত্যাকাণ্ডের পর তারা গ্রেফতার এড়াতে বাগেরহাটে আত্মগোপনে ছিলেন। এর আগে এ ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হলো।

স্থানীয়রা জানান, গতকাল (মঙ্গলবার) কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার। সাবেক এই চেয়ারম্যানকে প্রধান অতিথি করায় আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার। এ ছাড়া নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুইজনের মধ্যে তীব্র বিরোধিতা চলছিল। গতকাল অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার তার অনুসারীদের নিয়ে অনুষ্ঠান স্থলে এসে হট্টগোল শুরু করেন এবং চেয়ার ভাঙচুর করেন। একপর্যায়ে তার নেতৃত্বে সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে দোকানের চুলার লাকড়ি (কাঠ) দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যানকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে শংকর সরকার ও বাবুল হালদার নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া পরে অভিযান চালিয়ে তাপস মজুমদার এবং স্বাধীন হালদার নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরেই সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা  ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার  বরিশাল  পিরোজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: