তিন দফা দাবিতে সিলেটের এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অফিসে অবরুদ্ধ করে রেখেছে। সংকট সমাধানের বৈঠকে দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা অধ্যক্ষসহ কয়েকজনকে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন সন্ধ্যা থেকে। এর আগে অধ্যক্ষ কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে তিন ঘণ্টার বৈঠকেও কোনো সমাধান আসেনি।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজের একাডেমিক ভবনে অধ্যক্ষের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
অবরুদ্ধ থাকা এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ জানান, শিক্ষার্থীরা যেসব বিষয়ে আন্দোলন করছেন তার সমাধান দীর্ঘস্থায়ী। ছাত্রাবাসে পানি সংকট সমাধানের জন্য একটা লাইন দিয়েছি। আর শিক্ষক সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আলাপ করেছি। আজ (বৃহস্পতিবার) তাদের সঙ্গে আমি বৈঠক করেছি। সব সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে তাদেরকে বলেছি। এতো কিছুর পরও তারা (আন্দোলনরত শিক্ষার্থীরা) তালা মেরে রেখেছে।
আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট, ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা ও ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে আজ (বৃহস্পতিবার) কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকে কোন সমাধান না আসায় অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেয় আন্দোলনকারীরা।
শাহপরান (রহ.) থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
সময়ের আলো/আরআই