চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
দিনাজপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫২ পিএম
চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকারখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে অবৈধ মজুতদার মিলার ও করপোরেট হাউজসহ কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ যদি কোনো অনিয়ম করেন, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। কোন যৌক্তিক কারণ ছাড়াই নির্বাচনের পর যে হারে হঠাৎ করে চালের দাম বাড়ানো হয়েছিল বাধ্য হয়ে সরকার অভিযান পরিচালনা করে বাজার স্থিতিশীল পর্যায় আনে। যদি মিল মালিক বা চাল ব্যবসায়ীরা সহযোগিতা না করে তা হলে শুল্কমুক্ত চাল আমদানি করার নির্দেশনা রয়েছে। প্রয়োজনে চাল আমদানি করা হবে।
এসময় খাদ্যমন্ত্রী ব্যবসায়ীদেরকে কেজি প্রতি ২ টাকা কমানোর আহ্বান করলে ব্যবসায়ীরা ১ টাকা করে কমানো এবং বাজার স্থিতিশীল রাখার আশ্বাস দেন।
দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ শাকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালযের সচিব মো. ইসমাইল হোসেন এনডিসি, মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, দিনাজপুর জেলা পরিষদের চেযারম্যান আলহাজ দেলোয়ার হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন শামীম চৌধুরী, চাল কল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হুসেন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, খাদ্যশস্য মালিক গ্রুপের।
সময়ের আলো/জেডআই