‘ওরে আমার বাবা কেন চলে গেলি, এখন কারে নিয়ে থাকবো’
ট্রেনের সামনে ঝাপ দিয়ে যুবক নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৯ পিএম
‘ওরে আমার বাবা কেন চলে গেলি, এখন কারে নিয়ে থাকবো’
খুলনা মুজগুনী এলাকায় রেল লাইনের ট্রেনের সামনে ঝাপ দিয়ে হিজবুল্লা (১৭) নামে এক যুবক নিহত হন। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নিহতের এ ঘটনা ঘটেছে। নিহত হিজবুল্লা বাগেরহাট চিতলমারী মো. রুহুল আমিনের ছেলে।
হিজবুল্লার মা নাজমা বেগম বোনের বাড়ি বেড়াতে এসেছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। তখন তিনি কান্না করতে করতে বলেন, ‘ওরে আমার বাবা কেন চলে গেলি বাড়িঘর সবই তো তোর এখন আমি কারে নিয়ে থাকবো।’
খালা সালমা বেগম বলেন, হিজবুল্লা হাফেজী লাইনে পড়াশোনা করতো। পড়াশোনার সময় এদিক ওদিক চলে যেত তাই তাকে আমার বাসায় রেখে গ্যাসের দোকানে কাজ করতে দেয়ই। এমনি তো ভালই ছিল তবে হিজবুল্লা মানসিক ভারসাম্যহীন মাথায় একটু সমস্যা ছিল।
নিহত হিজবুল্লার মা নাজমা বেগমের আহাজারিতে মুহূর্তে এলাকাটিতে স্তব্ধতা নেমে আসে । ছবি: সময়ের আলো
হিজবুল্লার খালু মো. রিফাত বলেন, নিরালা নির্জন আবাসিক এলাকায় আমাদের সাথে হিজবুল্লাহ থাকতো। কিভাবে নিরালা নির্জন আবাসিক এলাকা থেকে মুজগুনী এই রেল লাইনে এলো এটা আমার মাথায় আসছে না।
প্রত্যক্ষদর্শী হনুফা বেগম বলেন, দুপুর ১২টার দিকে রেল লাইনের সামনে একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম বাবা সরে যাও সরে যাও বলতে বলতে সে আমার দিকে একবার তাকালেন পরে আবার রেলের দিকে তাকালেন। এক পলকের মধ্যে রেলগাড়িটি ওই ছেলেটিকে ছিন্ন ভিন্ন করে ফেলল।
দৌলতপুর ফাঁড়ির রেলওয়ে পুলিশের এস আই মো. শফিকুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া আমাদের বক্তব্য দেয়া নিষেধ। আমি বক্তব্য দিতে পারছি না। তবে এ ব্যাপারে যথাযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।