বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্রসহ সাগর সরদার (১৯) নামের এক যুবককে কাহালু থানা পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এরইল বাজার হতে সাগরকে অস্ত্রসহ পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এসময় তার কাছ থেকে ১টি ধারালো চাপাতি ও ১টি পাইপগান উদ্ধার করা হয়। সে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের জাহিদুর সরদারের ছেলে। সাগর এরইল বাজারে অবস্থিত হাসান পেপার মিলে কাজ করতো।
সাগর জানায়, গতকাল (সোমবার) বিকেলে কাজ শেষে ঐ পেপার মিলের দক্ষিণে ৩০০ গজ দূরে এরইল বাজারে হতে কলমা গামী পাকা রাস্তার উপর ইউসুফ আলী নামের এক ব্যক্তি তাকে ব্যাগে করে এসব অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। এ সময় পুলিশ তাকে আটক করে।
কাহালু থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কাহালু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
সময়ের আলো/আরআই