মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে চাকুরী দেয়ার কথা বলে টাকা নেয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মৃত চান মিয়া মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর (৫২) ও একই উপজেলার ধুয়াসার গ্রামের আবুল বাশার মাতুব্বরের ছেলে সজল মাতুব্বর (২৫)।
এদিন বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গতকাল (শুক্রবার) মাদারীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগে ৯ লাখ টাকার বিনিময়ে চাকরি দেয়ার কথা বলে বেশ কয়েকজন চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অগ্রিম কিছু টাকা নেন প্রতারক লিটন মাতুব্বর। বিষয়টি জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরদারিতে ধরা পড়ে। এদিন বিকেলে অভিযান চালিয়ে শহরের বঙ্গবন্ধু ‘ল’ কলেজের সামনে থেকে লিটন মাতুব্বরকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডাসার উপজেলার ধুলগ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের আরেক সদস্য সজল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে দুই জনের নামে সদর মডেল থানায় মামলা করে।
এদিকে আজ (শনিবার) দুপুরে দুইজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন ফ্রি ১২০ টাকা। এর বাইরে চাকরি প্রত্যাশীদের এক টাকাও বাড়তি দরকার হয় না। কিন্তু ওই দুই প্রতারক ৯ লাখ টাকার বিনিময়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করার চেষ্টা করছিল। গ্রেফতারের পর ওই দুই প্রতারক তাদের অপরাধ স্বীকার করেছেন। এই প্রতারক চক্রের আরও কিছু সদস্য এ ধরণের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে। দুপুরে গ্রেফতার দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আরআই