সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ওমরা হজ্ব যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো ৩ যাত্রী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। তারা দুজনই ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ওমরা হজ্ব করতে পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মিজানুর রহমান, রেশমা খাতুন, আছিয়া খাতুন, হুমায়ুন কবির ও ফজিলা খাতুন ইজিবাইকে সাতক্ষীরায় আসছিলেন। সাতক্ষীরা থেকে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তাদের বহনকারী ইজিবাইকটি নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছলে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে আছিয়া খাতুন মারা যান।
ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সময়ের আলো/আরআই