নোয়াখালীর সদর উপজেলায় পুলিশ পরিচয়ে চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের দায়ে মো. সোহাগ (৪৫) নামে এক ভুয়া পুলিশ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
গ্রেফতার মো. সোহাগ সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সালেহপুর গ্রামের মৃত ইদ্রিস পাটোয়ারীর ছেলে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামি সোহাগ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে স্থানীয় মো. ফরহাদ হোসেন, মো. আবুল হাশেম, বানু লাভলী, মো. তারেক ও সাইফুল ইসলামের থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে ১ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা এ বিষয়ে পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করে। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামীকে রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
সময়ের আলো/আরআই