বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। একইসাথে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে ও একইসাথে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নও আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
এসময় আইনজীবিদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাবেক সংসদ সদস্যের ডিভিশন মঞ্জুর করেন। সাবেক সংসদ সদস্যের আদালতে আত্মসমর্পণ করার সংবাদ চিরিরবন্দরে জানাজানি হলে সকাল থেকেই আদালতে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হন। তাকে জেল হাজতে নেয়ার সময় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
এসময় দায়িত্বরত পুলিশ প্রিজন ভ্যানে করে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর দিনাজপুর দশমাইল থেকে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা
ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় বাদি হয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(৩) ধারায় একটি নাশকতা মামলা দায়ের করে।
সময়ের আলো/জিকে