জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু বলেছেন, এখন দেশের যুব সমাজকে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশের চিরশত্রু মৌলবাদী-জঙ্গিবাদী-তালেবানী শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামাতের ক্ষমতা দখলের রাজনীতিও মোকাবেলা করতে হবে।
সোমবার (৪ মার্চ) বিকেল ৩টায় নগরীর গণকপাড়া জয় বাংলা চত্বরে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুবজোটের উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ দলীয় জোটের অন্যতম এই নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে জনগণ চরম দুঃখ-কষ্টের মধ্যে আছে। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজার সিন্ডিকেটের দল কারসাজি করেই চলেছে। কোনো অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জনগণের দুঃখ-কষ্টকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে। বিএনপি-জামায়াতের কাছে সংকট সমাধানের কোনো প্রস্তাব নেই। বিএনপি আন্দোলনের নামে যা করছে তার ভিতরে কোন গণতন্ত্রও নেই। বিএনপি-জামায়াত ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না।
হাসানুল হক ইনু আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়েও যুবকদেরই ঝাণ্ডা ধরতে হবে। বাঙালিদের যারা ধ্বংস করতে চায়, ধর্মের নামে যারা পাকিস্তানি ও তালেবানী সংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের প্রতিরোধ করে বাঙালিয় সংস্কৃতি প্রসারে যুব সমাজকে প্রথম সারির যোদ্ধা হিসাবে অবতীর্ণ হতে হবে।
তিনি বলেন, যুব কর্মসংস্থানের জন্য যুবকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সুবিধা রাখা এবং স্বল্প সুদে জামানত বিহীন ঋণ প্রদান করতে হবে। যুব সমাজ যেন চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় সে জন্য নিজেদের তৈরি করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে অন্যথায় বেকার ভাতা প্রদান করতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৩ বছর করতে হবে।
সমাবেশে যুব জোটের রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফুল কবির স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক বকু, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলী সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, যুবজোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি প্রমুখ।
সময়ের আলো/আরআই