ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে উল্লেখ্য করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা সমাজের সকল ক্ষেত্রে অবদান রেখে আসছেন। নারী সমাজ আর পিছিয়ে নেই। তারা এখন নিজেরাই স্বাবলম্বী হচ্ছে ও পরিবারে সুফল বয়ে আনছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে তাদের ভুমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে নারীরা অবহেলিত ছিল। সমাজে তাদের কোন মূল্য ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীরা আর অবহেলিত নন। তাদের অধিকার নিশ্চিত করেছেন। এই সমাজে একজন পুরুষের যেই অধিকার থাকবে সেই অধিকার নারীদেরও থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার নারী নেতৃত্বের জন্য কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৮ মার্চ) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর দিনাজপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, মহিলা বিষয়ক অধিদফতর দিনাজপুর উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ । সঞ্চালনে ছিলেন ডে কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম।
এর আগে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে নারী দিবসের সকল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
সময়ের আলো/জেডআই