সেহরির সময় রাজুর মেসেজ ‘বেঁচে থাকলে আবার দেখা হবে’

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়েছে। প্রায় ৫০ জন সশস্ত্র

2024-03-13T22:45:51+00:00
2024-03-13T22:45:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সেহরির সময় রাজুর মেসেজ ‘বেঁচে থাকলে আবার দেখা হবে’
জলদস্যুদের হাতে জিম্মি নাবিকের বাড়িতে উদ্বেগ-উৎকণ্ঠা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১০:৪৫ পিএম 
নাবিক মোহাম্মদ আনোয়ারুল হক রাজু। ফাইল ছবি

নাবিক মোহাম্মদ আনোয়ারুল হক রাজু। ফাইল ছবি

ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন বাংলাদেশি নাবিকসহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়েছে। প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে নাবিকদের জিম্মি করে রেখেছে। এই ২৩ জন জিম্মি হওয়া বাংলাদেশি নাবিকের মধ্যে দুই জনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।

তারা হলেন- নাবিক হিসেবে কর্মরত মোহাম্মদ আনোয়ারুল হক রাজু (২৭) ও ফাইটার হিসেবে মোহাম্মদ সালেহ আহমেদ। এর মধ্যে মোহাম্মদ আনোয়ারুল হক রাজু নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আজিজুল হক মাস্টারের ছেলে। অপর জিম্মি ফাইটার মোহাম্মদ সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া নাবিক মোহাম্মদ আনোয়ারুল হক রাজুর গ্রামের বাড়িতে এ খবর পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়। ঘটনা শুনার পর থেকে পরিবারের সদস্যরা আহাজারি করছে।  

নাবিক রাজুর বাবা আজিজুল হক মাস্টার জানান, রাজু গত সাত বছর ধরে জাহাজে নাবিক হিসেবে কাজ করছে। তারা দুই ভাই ও এক বোন। গত বছর ছুটিতে বাড়িতে এসেছিলো। সর্বশেষ চার মাস আগে সে পুনরায় জাহাজের কাজে যোগ দেয়। যতটুকু জানতে পেরেছি জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই আসার পথে সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করে সকলকে জিম্মি করে। আমার সন্তানসহ জিম্মি সবাই ভয় ও আতঙ্কের মধ্যে আছে। সবাইকে নাকি হুমকি দেয়া হয়েছে মুক্তিপণ না দিলে হত্যা করা হবে। আমরা খুব চিন্তায় আছি। আমার সন্তানসহ জিম্মি সবাইকে উদ্ধার করার জন্য সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।

রাজুর মা দৌলত আরা বলেন, এশার নামাজের পরে রাজু আমার সাথে সব সময় কথা বলে। রোববারও কথা হয়েছে। আমাকে বলেছিলো রোজার মাসের ইফতারির বাজার হয়েছে? ভাইয়া কি সব কিছু এনেছে? আমি তাকে চিন্তা না করার জন্য বলেছি। এটাই আমার সাথে ছেলের শেষ কথা। গতকাল (মঙ্গলবার) দুপুরে ফেনে একটা ম্যাসেজ আসছিলো আম্মু কোনো চিন্তা করবেন না, আমি দেশে আসলে দেখা হবে। আবার সন্ধ্যার সময় আরেকটা ম্যাসেজ আম্মু আমি ইফতার করেছি, আপনারাও ইফতার করেন। সরকারের কাছে আমার আবেদন আমার সন্তানসহ আরো ২২ মায়ের সন্তান জিম্মি অবস্থায় রয়েছে, সবার মা-বাবা অস্থির। তাদের সবাইকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

রাজুর বড় ভাই রনি বলেন, রাজু গতকাল (মঙ্গলবার) দুপুরে একটা ম্যাসেজ পাঠিয়েছিলো। এরপর আমরা যোগাযোগের চেষ্টা করি। আমরা কোম্পানির সাথে কথা বললে তারা বলে, আমাদের জাহাজ ছিনতাই হয়েছে। জাহাজটি জলদস্যুরা সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। রাজু সর্বশেষ ম্যাসেজে জানিয়েছিলো সোমালিয়ায় যেতে দুই থেকে আড়াই দিন লাগবে। সেখানে নিয়ে গেলে হয়তো আর যোগাযোগ করা সম্ভব হবেনা। আমাদের জন্য দোয়া করবেন।

রাজুর বন্ধু ইমরান বলেন, গতকাল (মঙ্গলবার) দুপুরে রাজু আমাকে ভয়েস ম্যাসেজে জানায়, জাহাজটি সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করেছে। আমরা ২৩ জন আটক আছি। ভোর রাতে আবার ম্যাসেজ দিয়েছে, সেহরিতে সামান্য কিছু খাবার দিয়েছে। আমরা খুব ভয়ের মধ্যে আছি। আমাদের জন্য সকলকে দোয়া করতে বলবি। বেঁচে থাকলে আবার দেখা হবে।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনা শুনার পর থেকে জেলা পুলিশ জাহাজে কর্মরত নোয়াখালীর বাসিন্দাদের পরিচয় জানার চেষ্টা করে। রাজুর পরিচয় নিশ্চিত হলেও অপর জিম্মি সালেহ আহমেদের বিস্তারিত পরিচয় জানতে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাহাজ  জলদস্যু  জাহাজ এমভি আব্দুল্লাহ  নাবিক জিম্মি  নোয়াখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: