ফেনীর ছাগলনাইয়ায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজিকালে ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৬ মার্চ) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ছাগলনাইয়া পৌরসভা থেকে ফেনী সদর ও মুহুরীগঞ্জ এবং করেরহাটগামী পাঁকা রাস্তার উপর বিভিন্ন পরিবহন চালকদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায়কালে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এরা হলেন, ওই উপজেলার উত্তর যশপুর এলাকার ওবায়দুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৪১), মাধ্যম মটুয়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মো. আনোয়ার (৪২), ইব্রাহিম দিপ্তির ছেলে মো. আবুল হাশেম খোকন (৪২), মাক্ষু মিয়ার ছেলে মো. আলম (৪৫),বাঁশপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. ছলিম (৩৪), আবুল কালামের ছেলে মো. আরাফাত (২৩), মৃত জাফর আহম্মেদের ছেলে মো. রেজাউল করিম (৪২), পশ্চিম ছাগলনাইয়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আজিম উদ্দিন (২৬) ও একই উপজেলার উত্তর আদার মানিক এলাকার মৃত রহিম উল্ল্যাহর ছেলে মো. শফিক (৪৫)।
এসময় তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন গাড়ি হতে আদায়কৃত চাঁদার নগদ ২২ হাজার ৬শত টাকা এবং চাঁদা আদায়ের বিপুল পরিমাণ ভূয়া রশিদ বই উদ্ধর করা হয়।
র্যাব-৭ ফেনীস্থ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শণ করে জোরপূর্বক অবৈধভাবে নামে বে-নামে ভূয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজি করে আসছিল।
ছাগলনাইয়া থানার ওসি মো হাসান ইমাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক ৩টি চাঁদাবাজির মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/জিকে