কক্সবাজারের টেকনাফে ভোর হতেই দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত ও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ফলে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টির পানিতে তলিয়ে ক্ষতি সাধন হয়েছে লবণের মাঠ। ব্যাহত হচ্ছে লবণ চাষ। ফলে ক্ষতির সম্মুখীনে পড়েছে লবণ চাষিরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) সরেজমিনে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী, রঙ্গিখালী, চৌধুরী পাড়া ও নাটমোড়া পাড়া লবণ মাঠ ঘুরে দেখা যায়, শত শত একর লবণ চাষের মাঠ পানিতে তলিয়ে গেছে। উৎপাদিত যা লবণ ছিল তা কুড়িয়ে জমা করতে ব্যস্ত রয়েছে চাষিরা। আজ (বৃহস্পতিবার) ভোর হতে গুড়ি গুড়ি বৃষ্টির ফলে ব্যাহত হয়েছে লবণ চাষ। এ রিপোর্ট লিখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।
এছাড়াও উপজেলার টেকনাফ পৌরসভা, সাবরাংয়েও বৃষ্টির ফলে তলিয়ে গেছে লবণ চাষের মাঠ। কালো পলিথিন বিছানো লবণ উৎপাদনের বেডে বৃষ্টির পানি জমে রয়েছে। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন চাষিরা। এবছর শুরুতেই লবণ চাষে ব্যাপক উৎসাহ নিয়ে মাঠে নেমেছিল চাষিরা। ভাল ফলনও হয়েছে।
দাম চড়া থাকায় চাষিদের মধ্যে লবণ চাষে এ উৎসাহ দেখা দেয়। বৃষ্টি দীর্ঘদিন অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে বলে এক কৃষক জানিয়েছেন। তবে পুরো উপজেলার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।