শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দসহ ৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ। পরে জব্দ করা মাছগুলো ১০টি এতিমখানায় বিতরণ করে দেয়া হয়। শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে মাছগুলো জব্দ করে নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটককৃতরা হলেন- হিজলা গৌরবর্দী এলাকার শরীফ মাঝি (৩০), শাহিন মাঝি (২৪), আনিছ সরদার (৩৮) ও ভোলা জেলার মো. সাগর (২৫)।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল জেলার হিজলা উপজেলার অরাকুল এলাকা থেকে দুইটি নৌকায় জাটকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে শরীয়তপুরের গোসাইরহাট এলাকায় যাচ্ছিলো এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) সকালে সখিপুর নরসিংহপুর নৌ-পুলিশের একটি টিম কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪০০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করার পাশাপাশি শরীফ মাঝি, শাহিন মাঝি, আনিছ সরদার ও সাগর নামের চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দ হওয়া জাটকাগুলো স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি নৌকা থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মাছ পরিবহনের সাথে জড়িত চার জনকে আটক করা হয়েছে। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আরআই