আবেদনের পর অবশেষে প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় জানাতে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন আলোচিত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।
রোববার (২৪ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে মায়ের জানাজায় অংশ নেন তিনি। এসময় জানাজায় অংশ নেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ দলের নেতাকর্মীরা।
আবু সাঈদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা গতকাল (শনিবার) বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নিতে আবু সাঈদ চাঁদ আবেদন করেন। মানবিক কারণে আবেদনটি বিবেচনায় নিয়ে আড়াই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তায় তাকে মায়ের জানাজায় নিয়ে যাওয়া হয়। বেলা ২টা ১৬ মিনিটে তাকে কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, গত বছর বিএনপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হতে থাকে। এ অবস্থায় আত্মগোপনে থাকা চাঁদকে গত বছরের ২৫ মে গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সেই থেকে বিএনপির এই নেতা কারাগারেই রয়েছেন।
এরই মধ্যে অর্থ আত্মসাৎ ও প্রতারণার আলাদা একটি মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। আবু সাঈদ চাঁদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য। তার বিরুদ্ধে এখন শতাধিক মামলা রয়েছে।
সময়ের আলো/আরআই