রাজধানীর হাজারীবাগ থেকে আড়াই বছর বয়সী এক শিশু অপহরণের ঘটনায় স্বামী-স্ত্রীর একটি অপহরণ চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রমনা বিভাগ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে মিন্টু রোডের ডিবি কম্পাউন্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, রাজধানীর হাজারীবাগ থানার নিউ মডেল টাউন এলাকা থেকে গত ২১ মার্চ বিকেলে ৬ বছর বয়সী মেয়ে তাবাসসুম ও ছেলে তাওসীন খেলেতে যায়। এই সময় শিশুদের নানী তাদের সঙ্গে ছিলেন। কিছুক্ষণ পর একজন বোরকাপরা নারী বাসার সামনে এসে শিশুদের নানীর সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করেন। এর কিছু সময় শিশুদের নানী বাচ্চাদের রেখে বাসায় চলে যায়।
ডিবি প্রধান জানায়, চক্রটি নিঃসন্তান দম্পতির কাছ থেকে শিশু দেওয়ার অর্ডার নিয়ে অপহরণের জন্য মাঠে নামতো। পরবর্তীতে চাহিদা মতো শিশু পেলে কৌশলে অপহরণ করে বিক্রি করে দিতো নিঃসন্তান দম্পতির কাছে। সম্প্রতি রাজধানীর হাজারীবাগ থেকে আড়াই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে কুমিল্লার লালমাই উপজেলায় নিয়ে বিক্রি করে দেয় চক্রটি। এ নিয়ে শিশুটির বাবা মামলা দায়ের করেন। মামলার শিশুটি উদ্ধারের জন্য মাঠে নামে ডিবি রমনা বিভাগ।
তিনি বলেন, এ সুযোগে ওই নারী শিশুদের ইশারা দিয়ে ডেকে নিয়ে দুজনকে চিপস কিনে দেয়। চিপস নিয়ে তাবাসসুম বাসায় ফিরে গেলেও শিশু তাওসীন নিজের কাছে রেখে দেন ওই নারী। একপর্যায়ে ওই নারী তাওসীনকে কোলে নিয়ে ঝাউচর মেইন রোডের দিকে চলে যায়।
তিনি আরও বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্তে নেমে অপহরণ চক্রটিকে শনাক্ত করেন ডিবির রমনা বিভাগ। পরে অভিযান কুমিল্লার লালমাইয়ে অভিযান চালিয়ে শাহজাহানের বাড়িতে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি ৫০ হাজার টাকায় শিশুটিকে সাইফুল-নেহা দম্পতির কাছ থেকে কিনে নেন। এছাড়া একই দিনে বরুড়া এলাকায় অভিযান চালিয়ে নেহা ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- অপহরণকারী সুলতানা আক্তার ওরফে নেহা (২২), তার স্বামী সাইফুল ইসলাম (২৭) ও ক্রেতা মো. শাহজাহান (৩৪)। গত বুধবার রাতে কুমিল্লার লালমাই ও বরুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি প্রধান আরও বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে নিঃসন্তান দম্পতির কাছ থেকে অর্ডার নিয়ে চাহিদা মতো শিশু চুরি করে বিক্রি করতেন। অপহরণের কাজটি করতেন সাইফুলের স্ত্রী নেহা। তিনি বিভিন্ন এলাকা শিশুদের টার্গেট করতেন। এরপর কৌশলে শিশুদের চকলেট, চিপসসহ নানা প্রলোভন দেখিয়ে কোলে করে নিয়ে সটকে পড়তেন।
সময়ের আলো/জিকে