লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের পরদিন তামাক ক্ষেত থেকে রোমান মিয়া (৬) নামে অর্ধ পুতে রাখা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শিশু রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল (শুক্রবার) বিকেল থেকে শিশু রোমান মিয়াকে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। আজ (শনিবার) বিকেলে সেতু বাজার এলাকার একটি তামাক ক্ষেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে অর্ধশরীর পুতে রাখা মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী গ্রহণ করা হবে।
সময়ের আলো/আরআই